বরিশাল ধর্মপ্রদেশের অন্তর্গত ঘোড়ারপাড় ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস
গত ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বরিশাল ধর্মপ্রদেশের অন্তর্গত ঘোড়ারপাড় ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের যত্ন নেওয়া আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।
এই দিবসের মূলসুর ছিল “জীবন হোক ফলবান, ভালো কাজের আলোয় হোক ঈশ্বরের গৌরব”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত ছোট্ট ছোট্ট শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ছিল আধ্যাত্মিক শিক্ষা ও বিনোদনের এক চমৎকার মেলবন্ধন।
অনুষ্ঠানের শুরুতেই শিশুরা সম্মিলিতভাবে রোজারিমালা প্রার্থনায় অংশ নেয় এবং এরপর তাদের আত্মিক মঙ্গল কামনায় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।
খ্রিষ্টযাগের পরপরই শিশুদের রঙিন ও আনন্দমুখর একটি র্যালি ধর্মপল্লী প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এরপর দিবসের মূল প্রতিপাদ্যের ওপর শিশুদের উদ্দেশ্যে শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক সহভাগীতা করেন বরিশাল ধর্মপ্রদেশের পিএমএস (PMS) ডিরেক্টর ফাদার জার্মেইন সঞ্চয় গোমেজ এবং পাশাপাশি শিশুদের মাঝে ধন্যাকুমারী মারীয়ার আদর্শ ও জীবনগাথা তুলে ধরেন সিস্টার ক্লারা, এলএইচসি (LHC)।
একই সাথে শিশুদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে আয়োজন করা হয় বাইবেল কুইজ, নানাবিধ খেলাধুলা এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন ডিকন অঞ্জন শিকদার, সিস্টার মিতা মরেচ, এলএইচসি (LHC) এবং সিস্টার মিলন, এলএইচসি (LHC)।
অংশগ্রহণকারী একজন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। অন্যদের মত আমিও প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছি এবং পুরস্কার পেয়েছি।”
আনন্দ, প্রার্থনা আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হওয়া এই উৎসবমুখর দিনটির শেষে সবার একটাই প্রার্থনা— আমাদের শিশুরা যেন ভালো কাজের আলোয় বেড়ে ওঠে এবং তাদের জীবন ঈশ্বরের গৌরবে ফলবান হয়ে ওঠে। - ঘোড়ারপাড় ধর্মপল্লী