আন্ধারকোঠা ধর্মপল্লীতে ২৬ জন শিশুর প্রথম পবিত্র খ্রীষ্টপ্রসাদ গ্রহণ
গত ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আন্ধারকোঠা নিত্য সাহ্যকারিণী মা-মারীয়া ধর্মপল্লীতে ২৬ জন ছেলে-মেয়ে প্রথমবারের মত পবিত্র খ্রীষ্টপ্রসাদ গ্রহণ করে।
এই পবিত্র দিনে ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার প্রেমু টি. রোজারিও শিশুদের জন্য পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন এবং পবিত্র খ্রীষ্টপ্রসাদ প্রদান করেন। যীশু খ্রীষ্টের পবিত্র দেহ ও রক্ত গ্রহণের মধ্য দিয়ে শিশুরা তাঁর সঙ্গে আরও গভীর আত্মিক বন্ধনে আবদ্ধ হওয়ার এক নতুন পথচলা শুরু করে।
“পবিত্র খ্রীষ্টপ্রসাদ গ্রহণ যেন শিশুদের জীবনে যীশুর ভালোবাসা, বিশ্বাস ও খ্রীষ্টিয় আদর্শে বেড়ে ওঠার এক সুন্দর সূচনা হয়ে থাকে এবং যীশুই যেন তাদের একজন ও একমাত্র ভালো বন্ধু হতে পারেন যিনি কখনোই আমাদের ছেড়ে যান না,” বলেন ফাদার রোজারিও।
তিনি তাঁর সহভাগিতায় শিশুদের, তাদের পিতা-মাতাদের এবং সকল খ্রীষ্টভক্তদের বলেন, “শিশুরা যেন এই বয়স থেকেই প্রতিদিন খ্রীষ্টযাগে অংশগ্রহণ করে এবং খ্রীষ্টিয় বিশ্বাসে যেন আরও দৃঢ় চিত্তে বেড়ে উঠতে পারে সেদিকে খেয়াল রাখতে ও ছেলে-মেয়েদের পিতা-মাতাদের সচেতন থাকতে আহ্বান করেন।”
উল্লেখ্য যে, পবিত্র খ্রীষ্টপ্রসাদ গ্রহণকারী ছেলে-মেয়েদের অভিবাবক, সেমিনারীয়ান পৌল পলাশ সরেন সহ এই পবিত্র খ্রীষ্টযাগে অনেক মানুষ অংশগ্রহণ করেন, যা এই কোমলমতি শিশুদের পবিত্র থাকতে অনেক অনুপ্রেরণা দান করে। - পৌল পলাশ সরেন
