আন্ধারকোঠা নিত্য সাহায্যকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা
গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আন্ধারকোঠা নিত্য সাহায্যকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপল্লীর পালকীয় কর্মশালা।
এ পালকীয় কর্মশালার মূলসুর ছিল, “খ্রীষ্টবিশ্বাসে আমরা প্রেরিত: হায়রে আমি, মঙ্গলসমাচার যদি প্রচার না করি!” (১ করিন্থীয় ৯:১৬)। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮০ জন খ্রীষ্টভক্ত অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার প্রেমু টি. রোজারিও, ফাদার সনেট কস্তা ও ব্রাদার পৌল পলাশ সনের।
অনুষ্ঠানের উদ্বোধন করা হয় প্রার্থনা, প্রদীপ প্রজ্বালন, পবিত্র বাইবেল পাঠ ও উদ্বোধন নৃত্যের মাধ্যমে। মূলভাবের উপর খ্রীষ্টভক্তদের সাথে আলোচনা করেন ধর্মপ্রদেশীয় ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী।
তিনি খ্রীষ্টভক্তদের ঐক্য, ভালোবাসা ও সুসমাচার প্রচারের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি সাধু পল, পিতর ও সাধ্বী মাদার তেরেজার জীবনাদর্শ তুলে ধরে বাণী প্রচার, সেবা কাজ ও আত্মত্যাগের মাধ্যমে খ্রীষ্টিয় জীবনযাপনের জন্য এগিয়ে আসতে বলেন।
একই সাথে খ্রীষ্টভক্তদের দীক্ষাস্নানের মধ্য দিয়ে প্রাপ্ত বাণী প্রচারের দায়িত্ব পরিবার, সমাজ, সংস্কৃতি ও ধর্মপল্লীতে কীভাবে পালন করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।
পরবর্তীতে অংশগ্রহণকারীদের চারটি দলে বিভক্ত করে দলীয় আলোচনা, সহভাগিতা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি দলের দলনেতা তাদের আলোচনার বিষয়গুলো উপস্থাপন করেন এবং ফাদার প্রেমু রোজারিও মঙ্গলসমাচার প্রচারের গুরুত্ব ও বাস্তব প্রয়োগ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনায় তিনি সকলের সম্মতি নিয়ে ধর্মপল্লী এবং খ্রীষ্টভক্তের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি মূল বিষয় নিজেদের জীবনের জন্য নির্ধারণ করেন। সেগুলো হলো: আমরা খ্রীষ্টিয় পরিবার হিসেবে হিসেবে নিয়মিত রবিবাসরীয় খ্রীষ্টযাগে যোগদান করবো, নিয়মিত পরিবারিক প্রার্থনা ও মঙ্গলসমাচার পাঠ করবো।
এছাড়াও ধর্মপল্লীর পালকীয় ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ, অনুদান ও মাণ্ডলীক সকল কর্মকাণ্ডে সহযোগিতা করবো, নিজ নিজ কৃষ্টি-কালচার ও ভাষার সর্বত্র অনুশীলন করবো, গ্রামে ধর্ম শিক্ষার জন্য মাসিক অনুদান প্রদান করবো ও নতুন নতুন গ্রামে বাণী প্রচারের উদ্দেশ্য পরিদর্শন করবো।
পরিশেষে তিনি সকল খ্রীষ্টভক্তকে পবিত্র আত্মার প্রেরণায় ঐক্যবদ্ধ হয়ে কথায় ও কাজে খ্রীষ্টের ভালোবাসা প্রচার করার আহ্বান জানিয়ে এবং খ্রীষ্টের নামে সকলকে শেষ আশীর্বাদ দিয়ে এই বছরের অর্ধদিনের ধর্মপল্লীর পালকীয় কর্মশালা’র সমাপ্ত ঘোষণা করেন। - পৌল পলাশ সরেন
