বরিশাল ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো শিশু এনিমেটরদের প্রশিক্ষণ কর্মশালা
গত ২১ থেকে ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বরিশাল ধর্মপ্রদেশের উদ্যোগে এবং পিএমএস বরিশাল এর আয়োজনে অনুষ্ঠিত হলো শিশু এনিমেটরদের প্রশিক্ষণ কর্মশালা।
এই শিশু এনিমেটরদের ট্রেনিং প্রোগ্রামের মূলসুর ছিল “হৃদয়ে শিক্ষা, প্রেমে সেবা; ফলবান হোক শিশুর ভবিষ্যৎ”।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিষ্টার দীপ্তি রেমা অংশগ্রহণকারীদের মাঝে পোপীয় মিশন সংগঠন বা পিএমএস (PMS)-এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান করেন।
শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও আধ্যাত্মিক গঠনে এই প্রশিক্ষণ যেন একটি মাইলফলক হয়ে থাকে, সেই প্রার্থনা ও প্রত্যাশা নিয়ে এনিমেটরগণ তাঁদের শিক্ষা সফর শুরু করেন।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক। এদিন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, মূল প্রতিপাদ্যের ওপর এক গভীর ও চিন্তাশীল সহভাগিতা প্রদান করেন।
তিনি এনিমেটরদের মনে এই বিশ্বাস জাগিয়ে তোলেন যে, “শিশুদের কেবল পাঠদান নয় বরং ভালোবাসার মাধ্যমে আগলে রাখাই হলো প্রকৃত সেবা।”
তাঁর এই প্রেরণামূলক বার্তা এনিমেটরদের সেবার দায়িত্বে নতুনভাবে উদ্বুদ্ধ করেছে। এছাড়া বিশপ মহোদয়ের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান অংশগ্রহণকারীদের মাঝে আনন্দের এক নতুন মাত্রা যোগ করে এবং তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ অনুপ্রেরণা দেয়।
প্রশিক্ষণ চলাকালীন শিশুদের প্রতি এনিমেটরদের ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে আলোকপাত করেন সিষ্টার মারীয়া দাস। তিনি অত্যন্ত সুচারুভাবে এনিমেটরদের দায়িত্ব ও কর্তব্যগুলো তুলে ধরেন, যা তাঁদের পেশাগত ও আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে।
পরবর্তীতে সিষ্টার জিতা রেমা, এসএসএমআই শিশুদের মন জয় করে অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দদায়ক উপায়ে ক্লাস নেওয়ার কৌশলগুলো উপস্থাপন করেন। তাঁর শিখিয়ে দেওয়া এই পদ্ধতিগুলো এনিমেটরদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।
উক্ত কর্মসূচির সমাপনী দিনে অংশগ্রহণকারীরা তাঁদের অর্জিত শিক্ষা, অভিজ্ঞতা ও আনন্দঘন মুহূর্তগুলো একে অপরের সাথে ভাগাভাগি করে নেন।
পিএমএস-এর ধর্মপ্রদেশীয় ডিরেক্টর ফাদার জার্মেইন সঞ্চয় গোমেজের পৌরোহিত্যে পবিত্র সমাপনী খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়। তাঁর মূল্যবান নির্দেশনা ও আশীর্বাদে এনিমেটররা শিশুদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করেন।
পরিশেষে প্রতিটি এনিমেটর যেন দক্ষ মালীর মতো শিশুদের হৃদয়ে বিশ্বাসের বীজ বপন করতে পারেন এই প্রার্থনা ও দৃঢ় প্রত্যয় নিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যান। - আরভিএ সংবাদ