বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে ইস্টার সানডেতে সরকারী ছুটির দাবীতে মানববন্ধন
গত ৩১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে ইস্টার সানডে উপলক্ষে সরকারী ছুটির দাবীতে সকাল ১১:০০ ঘটিকায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানবন্ধন ও র্যালীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসোসিয়েশনের মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়া, ঢাকার আর্চবিশপ হাউজ-রমনা থেকে ফাদার আলবাট টি. রোজারিও, এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মি জোনাস গমেজ, যুগ্ম-মহাসচিব মি. জেমস সুব্রত হাজরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মি. নিপুন সাংমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মি. থিউফিল রোজারিও, সহ-সাংগঠনিক সম্পাদক মি. টমাস রোজারিও, নির্বাহী সদস্য মি. ভিক্টর রে, বিশিষ্ট আদিবাসী নেতা এড. প্রভাত টুডু সহ বিভিন্ন নেতা-নেত্রীগণ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, “ইস্টার সানডে সরকারী ছুটি এ দেশের খ্রিস্টান জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবী। ইতোপূর্বে বিভিন্ন সময়ে এ দাবী সরকারের নিকট তুলে ধরা হয়েছে।”
এসোসিয়েশনের প্রেসিডেন্ট তার বক্তব্যে সরকারের নিকট ১০দফা দাবি তুলে ধরেন। দশ দফার মধ্যে প্রথম দফাতেই ইস্টার সানডেতে সরকারী ছুটির দাবী পেশ করা হয়।
পরিতাপের বিষয়, এ বিষয়টিকে বিবেচনায় নেয়া হয়নি। বক্তাগণ ‘ইস্টার সানডে’ উপলক্ষে এ বৎসর ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা এবং আগামী বৎসর থেকে সরকারী ছুটির তালিকায় তা সংযুক্তকরণের প্রয়োজনীয় নির্দেশ প্রদানের দাবী জানিয়েছেন।
এখানে উল্লেখ্য যে, গত ৩০ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট ইস্টার সানডেতে সরকারী ছুটি ঘোষণার একটি অনুরোধপত্র প্রদান করা হয়েছে। - নীড়সংবাদ