ডালটনগঞ্জের বিশপ পদ থেকে পদত্যাগ বিশপ থিওডোর মাসকারেনহাস

বিশপ থিওডোর মাসকারেনহাস, এস.এফ.এক্স. (৬৬) স্বাস্থ্যগত কারণে সক্রিয় বিশপীয় পরিচর্যা থেকে পদত্যাগ করেছেন। পোপ লিও চতুর্দশ ২৬শে নভেম্বর ২০২৬ তারিখে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

পোপ লিও চতুর্দশ রাঁচির মেট্রোপলিটন আর্চবিশপ মোস্ট রেভ. ভিনসেন্ট আইন্দকে ডালটনগঞ্জ ধর্মপ্রদেশের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত করেছেন।

বিশপ থিওডোর ১৯৬০ সালের ৯ই নভেম্বর গোয়া মহাধর্মপ্রদেশের কামুরলিমে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ১৪ই জুন তিনি সোসাইটি অফ দ্য মিশনারিজ অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারে ধর্মীয় ব্রত গ্রহণ করেন এবং ১৯৮৮ সালের ২৪শে এপ্রিল যাজক হিসেবে অভিষিক্ত হন।

যাজকীয় অভিষেকের পর, ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি উত্তর ভারতের পাঞ্জাবে বিভিন্ন প্যারিশ ও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন। ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি রোমের পন্টিফিক্যাল বাইবেল ইনস্টিটিউটে পবিত্র শাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং লাইসেনশিয়েট ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি সোসাইটি অফ দ্য মিশনারিজ অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের বিভিন্ন দায়িত্ব পালন করেন, যার মধ্যে রয়েছে ইউরোপে সুপিরিয়র ডেলিগেট এবং প্রকিউরেটর জেনারেলের দায়িত্ব।

বিশপ মাসকারেনহাস পন্টিফিক্যাল কাউন্সিল ফর কালচারের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পন্টিফিক্যাল কমিটি ফর ইন্টারন্যাশনাল ইউক্যারিস্টিক কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি রোমের পন্টিফিক্যাল গ্রেগরিয়ান ইউনিভার্সিটি এবং পন্টিফিক্যাল ইউনিভার্সিটি অফ সেন্ট থমাস অ্যাকুইনাস (অ্যাঞ্জেলিকাম)-এ পবিত্র শাস্ত্রের অধ্যাপক হিসেবেও শিক্ষকতা করেছেন।

২০১৪ সালের ৯ই জুলাই পোপ ফ্রান্সিস তাঁকে রাঁচির সহকারী বিশপ এবং লিসিনিয়ার টাইটুলার বিশপ হিসেবে নিযুক্ত করেন। ২০১৪ সালের ৩০শে আগস্ট তিনি বিশপীয় অভিষেক লাভ করেন। এরপর ২০১৬ সালের মার্চ থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত তিনি ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া (সিবিসিআই)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালের ৮ই ডিসেম্বর তিনি ডালটনগঞ্জের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত হন। পোপ ফ্রান্সিস ২০২৩ সালের ৩০শে নভেম্বর তাঁকে ডালটনগঞ্জের বিশপ হিসেবে নিযুক্ত করেন এবং ২০২৪ সালের ১১ই জানুয়ারি তিনি দায়িত্বভার গ্রহণ করেন। অনুলিখন - চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image