সাভার ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৮তম বার্ষিক সাধারণ সভা

সাভারের ধরেন্ডা ধর্মপল্লীর মাঠে অনুষ্ঠিত হলো খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:,’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা

গত ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকার অদূরে সাভারের ধরেন্ডা ধর্মপল্লীর মাঠে অনুষ্ঠিত হলো খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:,’র (ধরেন্ডা ক্রেডিট) ৩৮তম বার্ষিক সাধারণ সভা।

ধরেন্ডা ক্রেডিটের প্রেসিডেন্ট উজ্জ্বল শিমন রোজারিও’র সভাপতিত্বে ও সেক্রেটারী লিন্টাস রক রোজারিও’র সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সদস্যদের পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত অমল খ্রীষ্টফার ডি’ক্রুজ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো: আবদুল ওয়াহেদ, এশিয়ার অন্যতম ক্রেডিড ইউনিয়ন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা’র (ঢাকা ক্রেডিট) প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:,’র চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ধরেন্ডা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট ও উপদেষ্টা লরেন্স রোজারিও এবং বিলাশ বার্নড গমেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার সুমন জেমস ডি’ কস্তা, বোর্ড ডিরেক্টর নিরাপদ হালদার ও মনোজ ক্লেমেন্ট গমেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় সঙ্গীত, সমবায় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, প্রারম্ভিব প্রার্থনার মাধ্যমে শুরু হয় বার্ষিক সাধারণ সভা। সভার সভাপতি উজ্জ্বল শিমন রোজারিও তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকল সদস্য ও অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তার বক্তব্যে উক্ত প্রতিষ্ঠানের বিগত এক বছরের কার্যক্রম, উন্নয়ন, ব্যর্থতা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।

পরে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ উপস্থিত সকলের প্রতি ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধকের মাধ্যমে সরকারের উদ্দেশ্য সমবায়ের উপর থেকে কোম্পানী আইন প্রত্যাহারের জন্য আহ্বান জানান এবং দেশের অর্থনীতিতে সমবায়ের অবদান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

“সমবায় নিজস্ব সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ একত্রিত করে কাজ করছে। সরকারের কাছ থেকে সমবায় কিছু নেয় না বরং সরকারকে দিয়ে থাকে। এই অবস্থায় সমবায়ের উপর কোম্পানী আইন চাপিয়ে দেয়া মোটেও যুক্তি সংগত নয়,” বলেন প্রেসিডেন্ট গমেজ।

অন্যান্য বক্তাগণও সমবায় সমিতির উপকারিতা তুলে ধরেন এবং সরকারের প্রতি আহ্বান জানান যেন সমবায় থেকে উৎস কর ও কোম্পানী আইন প্রত্যাহার করে।

পরে যুগ্ম নিবন্ধক আবদুল ওয়াহেদ তার বক্তব্যে খ্রিষ্টানদের দ্বারা পরিচালিত কো-অপারেটিভগুলোর ভুঁয়সী প্রশংসা করে বলেন, যদি বিভিন্ন বিভাগে সমবায় পুরস্কার বিভক্ত না থাকতো তাহলে সব পুরস্কারই এই খ্রীষ্টান সম্প্রদায়ের কো-অপারেটিভগুলো পেত।

“খ্রীষ্টানদের দ্বারা কো-অপারেটিভগুলো নিয়মের মধ্যে দিয়ে, সততা ও জবাবদিহিতার মধ্যে দিয়ে পরিচালিত হয়,” বলেন সমবায়ের নিবন্ধক ওয়াহেদ।

প্রধান অতিথি ফাদার অমল তার বক্তব্যে বলেন, “কো-অপারেটিভ হলো “আলো ঘর” কারণ, এই সমবায়ের কারণেই আজকে খ্রীষ্টান সমাজে এতো নেতৃত্ব তৈরি হয়েছে। তিনি সমবায়ের অগ্রদূত হলিক্রস ফাদার চার্লস জে. ইয়াং, আর্চবিশপ গ্রেনার ও ফাদার লিও সালিভ্যান সিএসসি’কে সম্মানের সাথে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করেন। - ডিসিনিউজ

Bengali pop up image