রাঘবপুর ধর্মপল্লীতে খ্রীষ্ট রাজার পর্ব উদযাপন, ফাদার কে. তোট্টাম এস.জে.-এর ৯২তম জন্মদিন পালন
গত ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার, ভক্তি ও ধর্মীয় আবহে রাঘবপুর ধর্মপল্লীতে উদযাপিত হয় খ্রীষ্ট রাজার পর্ব।
এদিন সকাল ৬টা ৩০ মিনিটে চকবলাইবাগ গ্রামের মিলনবীথি ক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার মধ্য দিয়ে পর্ব উদযাপনের সূচনা হয়। শোভাযাত্রার শুরুতে সমবেত হন অসংখ্য খ্রীষ্টভক্ত। এরপর পবিত্র সাক্রামেন্টের আরাধনা ও স্তবস্তুতির মধ্য দিয়ে শুরু হয় যাত্রা। পবিত্র সাক্রামেন্টকে সঙ্গে নিয়ে ধর্মীয় সংগীত ও প্রার্থনার আবহে খ্রীষ্টভক্তরা এগিয়ে যান রাঘবপুর গির্জা প্রাঙ্গণের দিকে।
এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার যোসেফ টোপ্পো এস.জে., ফাদার ই.এস. যোসেফ এস.জে., ব্রাদার ভিক্টর জোজো এস.জে. এবং রাঘবপুর ও গোবরাচক কনভেন্টের ডি.এস.এ. সিস্টারগণ।
পরবর্তীতে রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল প্রাঙ্গণে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়। ধর্মপল্লীর অসংখ্য খ্রীষ্টভক্ত এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপাসনা বেদীর সামনে পবিত্র সাক্রামেন্টের আরাধনার পর সমবেত বিশ্বাসীদের উদ্দেশ্যে বিশেষ আশীর্বাদ প্রদান করা হয়।
পবিত্র খ্রীষ্টযাগে পৌরোহিত্য করেন রাঘবপুর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার যোসেফ টোপ্পো এস.জে.। তাঁর সঙ্গে খ্রীষ্টযাগ উৎসর্গে অংশগ্রহণ করেন ফাদার ই.এস. যোসেফ এস.জে., ফাদার কে.কে. দেবাশী এস.জে. এবং ফাদার কে. তোট্টাম এস.জে.।
এদিনের খ্রীষ্ট রাজার পর্ব উদযাপনের আনন্দকে আরও বিশেষ করে তোলে ফাদার কে. তোট্টাম এস.জে.-এর ৯২তম জন্মদিন পালন। এই উপলক্ষে উপস্থিত সকলের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার পরিবেশ সৃষ্টি হয়।
খ্রীষ্ট রাজার পর্বের এই উদযাপনের মধ্য দিয়ে বিশ্বাসীরা যীশু খ্রীষ্টকে জীবনের রাজা হিসেবে গ্রহণ করার অঙ্গীকারে নতুন করে অনুপ্রাণিত হন। পাশাপাশি আগত আগমনকাল ও বড়দিনের প্রস্তুতিকে সামনে রেখে তাঁরা নিজেদের আধ্যাত্মিক ও মানসিকভাবে প্রস্তুত করে তোলার আহ্বান পান।
প্রতিবেদন - তন্ময় মন্ডল
