মথুরাপুর সাধ্বী রীতা’র ধর্মপল্লীতে উদযাপিত হলো দক্ষিণ ভিকারিয়ায় আহ্বান দিবস
গত ২৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মথুরাপুর সাধ্বী রীতা’র ধর্মপল্লীতে উদযাপিত হলো দক্ষিণ ভিকারিয়ার আহ্বান দিবস।
এই আহ্বান দিবসের মূলসুর ছিল “যীশুর আহ্বান - তুমি আমার সঙ্গে চল”। এতে ধর্মপ্রদেশে সেবারত বিভিন্ন সম্প্রদায়ের ফাদার, ব্রাদার ও সিস্টারগণ এবং ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী থেকে ৬ষ্ট থেকে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
এ আহ্বান দিবস আয়োজনের মূল উদ্দেশ্য হলো মন্ডলীতে যুবক যুবতীরা যেন তাদের জীবনের আহ্বান খুঁজে পেতে পারে বা বুঝতে পারে।
মূলত ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারি - ব্রতধারিনিদের জন্য কমিশনের উদ্যোগে এই দিবসটির আয়োজন করা হয়। এতে দক্ষিণ ভিকারিয়ার সকল ধর্মপল্লী থেকে ফাদার-ব্রাদার ও সিস্টারসহ প্রায় ১৯০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে ৷
পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করার মধ্য দিয়ে এই আহ্বান দিবসের যাত্রা শুরু হয়। ফাদার আলবার্ট ক্রুশ মূলসুরের উপর সহভাগিতা করেন। তিনি বলেন, “যিশু তাঁর শিষ্যদের আহ্বান করে বলেন, ‘তুমি আমার সঙ্গে চলো’। যিশুকে অনুসরণ করার জন্য প্রয়োজন গভীর ধ্যান, প্রার্থনা, ত্যাগস্বীকার, নিজেকে রিক্ত করা এবং হ্যাঁ বলা।”
“যীশুর আহ্বান আবিষ্কারের উপায়” এই মূলসুরের উপর সহভাগিতা করেন সিস্টার শিবলি পিউরীফিকেশন, ওএলএস। এরপর ফাদার-ব্রাদার ও সিস্টারগণ তাদের সম্প্রদায়ের ক্যারিজমসহ পরিচিতি তুলে ধরেন।
তারা বলেন, “আহ্বান হলো ঈশ্বরের একটি ডাক। যীশু তোমাকে, আমাকে, আমাদের সবাইকে ডাকেন তার সাথে পথ চলতে ও থাকতে, বাণী প্রচার করতে। তবে প্রশ্ন হচ্ছে আমরা কি যীশুর ডাক শুনতে পাই? তাঁকে ভালবাসি? তাঁর সাথে পথ চলতে চাই? যীশুর আহ্বান হচ্ছে ভালোবাসার আহ্বান।”
পরিশেষে ধর্মপল্লীর পাল পুরোহিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে এই আহ্বান দিবসের সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার স্বপন পিউরীফিকেশন