নটর ডেম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ওইকোনোমিয়া ফেস্ট
গত ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং অর্থনীতি বিষয়ে আগ্রহ বাড়াতে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ওইকোনোমিয়া ফেস্ট।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন ছয়টি কলেজের শতাধিক শিক্ষার্থী। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি।
এতে বিশেষ অতিথি ছিলেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. ব্রাদার লিও জেমস পেরেরা, সিএসসি।
‘অর্থনৈতিক তত্ত্ব থেকে বাস্তবতা: মিতব্যয়ীতার সাথে চিন্তা করুন, বিচক্ষণতার সাথে কাজ করুন’ প্রতিপাদ্য নিয়ে বক্তব্য দিতে গিয়ে ফাদার চার্লস অর্থনৈতিক তত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে জানার পাশাপাশি বাস্তব জীবনে এসব তত্ত্বের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
বিভিন্ন বিষয় অধ্যায়নের তুলনা করে তিনি বলেন, “শিল্পবিপ্লব সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য ইংল্যান্ড একটি আকর্ষণীয় স্থান। একইভাবে তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তিগত উদ্ভাবনে আগ্রহীদের জন্য সিলিকন ভ্যালি হতে পারে আদর্শ স্থান।”
অন্যদিকে, অর্থনীতি অধ্যয়নের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত আকর্ষণীয় ক্ষেত্র। এ দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা অর্থনৈতিক তত্ত্ব সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করতে পারে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, ডিন অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ডোনাল্ড জেমস গমেজ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক পরিচালক সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি, ডেপুটি-রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গণসালভেস, সিএসসি, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমান এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল কবির।
উৎসবে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্তঃকলেজ প্রতিযোগিতার কয়েকটি বিভাগে অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল অর্থনীতি কুইজ, অর্থনীতি অলিম্পিয়াড এবং দেয়ালিকা ও স্মারকখাতা প্রদর্শনী।
এর আগে সকালে ফাদার চার্লস অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিকেলে সাংস্কৃতিক পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পরে অর্থনীতি বিভাগের প্রভাষক প্রকৃতি নওরীন কাশেমের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। - প্রেস রিলিজ
