ঢাকায় ফাদার চার্লস জে. ইয়াং ভবনের শুভ উদ্বোধন
গত ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকার ফার্মগেট এলাকার পূর্ব তেজতুরীবাজারে আনন্দঘন পরিবেশ ও বিপুল উদ্দীপনা নিয়ে উদ্বোধন করা হলো ঢাকা ক্রেডিটের নতুন কর্পোরেট অফিস ফাদার চার্লস জে. ইয়াং ভবন।
দৃষ্টিনন্দন এই ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আযম খান এমপি ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ। সাথে উপস্থিত ছিলেন গেস্ট অব অনার কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক মো: সেলিম ফকির এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক জনাব মো: কামরুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব)-এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন ও বর্তমান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী জনাব আহমেদ আযম খান এমপি বলেন, “আজ এই সমিতির ভবনের উদ্বোধনী অনুষ্ঠান দেখে আমি অনেক আনন্দিত ও মুগ্ধ হয়েছি। আমি আপনাদের সাথে সব সময় রয়েছি, সব সময় থাকবো। সবাইকে এই দিনে শুভেচ্ছা ও অভিনন্দন।”
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ বলেন, “আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। আজ বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নের জনক ফাদার চার্লস জে. ইয়াং-এর ১২২তম জন্মদিন। আর এই দিনেই ঢাকা ক্রেডিটের নতুন কর্পোরেট ভবন ফাদার চার্লস জে. ইয়াং ভবন উদ্বোধন করা হলো।”
তিনি বলেন, “এই ভবনটি নির্মাণ করতে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। করোনার থাবা, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন অনুমোদনসহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আপনাদের সহযোগিতায় ও পরামর্শে আজ এই ভবনটির নির্মাণ শেষ করে ভবনটি উদ্বোধন করেছি।”
“বিগত দুইটি বোর্ড এই ভবন নির্মাণের সাথে জড়িত ছিল, আজ তাদেরও স্মরণ করছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই কর্মীবৃন্দদের। তারা আমাদের সাথে থেকে পরিশ্রম করে এই ভবনটি নির্মাণে ভূমিকা রেখেছে,” বলেন গমেজ।”
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট আরো বলেন, “আশা করছি, এই নতুন কর্পোরেট অফিস আপনাদের মনোবাঞ্ছানা পূর্ণ করেছে, সেই সাথে আমরা আপনাদের এখন থেকে আরো আধুনিক ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করতে পারবো।”
গেস্ট অব অনার সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক মো: সেলিম ফকির এনডিসি বলেন, “আজকের এই মহতীক্ষণে আমি থাকতে পেরে অনেক আনন্দিত। আমি সমবায় অধিদপ্তরসহ সমবায় অঙ্গনের সকলের হয়ে এই দিনে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
“বাংলাদেশে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার সমবায় সমিতি রয়েছে, তার মধ্যে আপনারা একটা। এর মধ্যে ১ কোটি ২৮ লক্ষ সমবায় সমিতির সদস্য। এত বিপুল পরিমাণ সদস্যরা যদি মনে করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি দেশের উন্নয়নের চিত্র বদলে দেওয়া সম্ভব, সত্যিই তা করা সম্ভব, ” বলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক।
তিনি আরো বলেন, “সমবায়ের উপর যে ট্যাক্স রয়েছে, তা প্রত্যাহারের জন্য আমি সত্যিই চেষ্টা করবো, যেন তা রহিত করা যায়। আপনাদের কাছে অনুরোধ, শুধু আপনাদের সদস্য নয়, সকল মানুষের জন্য আপনারা সেবার হাত প্রসারিত করবেন।”
এদিন প্রেসিডেন্ট, প্রধান অতিথি, গেস্ট অব অনার এবং অতিথিবৃন্দগণ বেলুন ও পায়ড়া উড়িয়ে এবং ফিতা কেটে কর্পোরেট অফিসের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও এবং ফাদার জেমস ক্রুশ পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে ভবনটি পবিত্রকরণ করেন।
এ ছাড়াও ভবনটির উদ্বোধন উপলক্ষে বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন, ফাদার ইয়াং-এর জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।
এ দিন ঢাকা ক্রেডিটের নারী বিষয়ক উপ-কমিটি, ঢাকা ক্রেডিট কর্মী ও ডিসি কালচারাল একাডেমির সমন্বয়ে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সমিতির ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিও সবাইকে ধন্যবাদ জানিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। - ডিসিনিউজ বিডি