RVA@60-এর আনুষ্ঠানিক সূচনা, ২০২৭ সাল নিবেদিত হলো সাধু পোপ ষষ্ঠ পল-এর উদ্দেশে

RVA@60-এর আনুষ্ঠানিক সূচনা, ২০২৭ সাল নিবেদিত হলো সাধু পোপ ষষ্ঠ পল-এর উদ্দেশে

রেডিও ভেরিতাস এশিয়া (RVA), এশিয়ার জনগণের সেবায় নিয়োজিত ক্যাথলিক মাল্টিমিডিয়া সংস্থা, আগামী ২০২৯ সালে প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিকী উদ্‌যাপনের আনুষ্ঠানিক সূচনা করে। একই সাথে ২০২৭ সালকে সাধু পোপ ষষ্ঠ পল-এর উদ্দেশে উৎসর্গ করা হয়। গত ৯ অক্টোবর মেট্রো ম্যানিলার কেজন সিটিতে অবস্থিত RVA-র থ্রি সেইন্টস চ্যাপেলে আয়োজিত এক বিশেষ পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে এই উদ্যোগের সূচনা হয়।

পবিত্র খ্রীষ্টযাগে পৌরোহিত্য করেন ম্যানিলার মহাধর্মপাল কার্ডিনাল হোসে আদভিনকুলা। তাঁর সঙ্গে সহযাজক ছিলেন সান পাবলোর বিশপ মার্সেলিনো আন্তোনিও ‘জুনি’ মারালিত জুনিয়র, পাসিগের বিশপ মাইলো হুবার্ট ক্লদিও ভারগারা, নোভালিচেসের বিশপ রবার্তো গা এবং শ্রীলঙ্কার বিশপ হোসে সিলভা।

এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন RVA-র কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত যাজকবৃন্দ এবং এশিয়ার বিভিন্ন দেশের ভাষা পরিষেবার সমন্বয়কারীরা।

পবিত্র খ্রীষ্টযাগের শেষ পর্বে, সমাপনী আশীর্বাদের আগে, RVA@60 উদ্‌যাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। এই উদ্যোগের মধ্য দিয়ে RVA-র কর্মী, বিভিন্ন ভাষা পরিষেবার প্রতিনিধিরা এবং অন্যান্য সহযোগীরা একত্রিত হয়ে সংস্থাটির ছয় দশকের সুসমাচার প্রচার ও এশিয়ার জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার মিশনকে স্মরণ করেন।

অনুষ্ঠানের আগে উপস্থিত সকলে কার্ডিনাল আদভিনকুলার নেতৃত্বে কৃতজ্ঞতা ও উৎসর্গের প্রার্থনায় অংশ নেন। প্রার্থনায় RVA-র ৬০ বছরের যাত্রাকে স্মরণ করে সংস্থাটিকে এশিয়ার জনগণের মধ্যে “সুসমাচারের কণ্ঠস্বর, সম্প্রীতির সেতু এবং আশার বার্তাবাহক” রূপে বর্ণনা করা হয়। পাশাপাশি, সংস্থাটির মিশনের নতুন অধ্যায়ে প্রবেশের প্রাক্কালে ঈশ্বরের কাছে তার প্রচারকর্মের চেতনাকে নতুন করে জাগিয়ে তোলার আবেদন জানানো হয়।

প্রার্থনায় ২০২৭ সালকে সাধু পোপ ষষ্ঠ পল-এর মধ্যস্থতায় ঈশ্বরের কাছে সমর্পণ করা হয়। তাঁর প্রেরিতসুলভ উদ্যম যেন RVA-কে সাহসের সঙ্গে খ্রীষ্টের বাণী প্রচার করতে, বিশ্বস্ততার সঙ্গে মন্ডলীর সেবা করতে এবং এশিয়ার প্রতিটি প্রান্তে সুসমাচারের আলো পৌঁছে দিতে অনুপ্রাণিত করে—সেই প্রার্থনাও করা হয়।

এরপর কার্ডিনাল আদভিনকুলা বিশপ, যাজক এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক সূচনার বোতাম টিপে RVA@60 উদ্‌যাপন এবং ২০২৭ সালকে সাধু পোপ ষষ্ঠ পল-এর উদ্দেশে উৎসর্গ করার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর একটি সংক্ষিপ্ত অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে RVA-র যাত্রাপথ তুলে ধরা হয়। বেতার সম্প্রচার দিয়ে শুরু করে কীভাবে সংস্থাটি আজ বহু ভাষাভিত্তিক ও ডিজিটাল মাধ্যমে সুসমাচার প্রচারের কাজে যুক্ত হয়েছে, তা এই উপস্থাপনায় দেখানো হয়। একই সঙ্গে সংস্থাটি প্রতিষ্ঠার মূল লক্ষ্যও স্মরণ করিয়ে দেওয়া হয়—জাতীয়তা, সংস্কৃতি ও ভাষার সীমারেখা অতিক্রম করে এশিয়ার মানুষের কাছে সুসমাচারের বাণী পৌঁছে দেওয়া।

এই উপস্থাপনায় RVA-র ইতিহাসে পোপ ষষ্ঠ পলের গুরুত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরা হয়। ১৯৬৯ সালে তিনি রেডিও ভেরিতাসের সূচনাকে আশীর্বাদ করেছিলেন এবং সুসমাচার প্রচারের ক্ষেত্রে আধুনিক গণমাধ্যমের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছিলেন। পরবর্তীকালে, ১৯৭০ সালের ২৯ নভেম্বর তিনি ম্যানিলায় রেডিও ভেরিতাস এশিয়া পরিদর্শন করেন এবং এশিয়ার জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন। সেই সময় তিনি সংস্থাটিকে খ্রীষ্টের বাণী প্রচার করতে এবং সুসমাচারভিত্তিক ভালোবাসার বন্ধন গড়ে তুলতে উৎসাহিত করেন।

ভিডিও উপস্থাপনায় RVA-র প্রযুক্তিগত বিবর্তনও তুলে ধরা হয়। শর্ট ওয়েভ বেতার সম্প্রচার থেকে শুরু করে ওয়েবসাইট, পডকাস্ট, ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটির কার্যক্রমের বিস্তার দেখানো হয়। যোগাযোগের মাধ্যম পরিবর্তিত হলেও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সুসমাচার প্রচারের মূল লক্ষ্য যে আজও অব্যাহত রয়েছে, তা এই উপস্থাপনায় স্পষ্ট হয়ে ওঠে।

RVA-র ৬০ বছর পূর্তির দিকে এগিয়ে যাওয়ার এই সময়ে ২০২৭ সালকে সাধু পোপ ষষ্ঠ পলের উদ্দেশে উৎসর্গ করার মধ্য দিয়ে সংস্থাটির প্রতিষ্ঠাকালীন প্রচারকর্মের দৃষ্টিভঙ্গিকে নতুন করে স্মরণ করা হয়েছে। সেই দৃষ্টিভঙ্গিই আজও এশিয়াজুড়ে RVA-র কাজকে পথ দেখিয়ে চলেছে। উপস্থাপনার শেষে RVA পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়, তাঁরা যেন নতুন উদ্যম ও অঙ্গীকার নিয়ে বার্ষিকী বর্ষে প্রবেশ করেন এবং এশিয়া মহাদেশের প্রতিটি প্রান্তে, বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, সত্য, আশা ও সুসমাচারের বাণী পৌঁছে দেন।

এই আনুষ্ঠানিক সূচনার আগে বার্ষিকী উদ্‌যাপনের প্রস্তুতি হিসেবে একাধিক কর্মসূচি আয়োজিত হয়। ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ক্যাভিতের সিলাংয়ে সিস্টার্স অফ মেরি, গার্লসটাউন প্রাঙ্গণে RVA-র বিভিন্ন ভাষা পরিষেবার সমন্বয়কারীদের নিয়ে একটি নিবিড় কর্মশালা অনুষ্ঠিত হয়। এ ছাড়া, ৯ অক্টোবর সকালে কেজন সিটিতে RVA-র প্রধান কার্যালয়ে সংস্থার বার্ষিক বাজেট-সংক্রান্ত বৈঠকও অনুষ্ঠিত হয়।

RVA@60 উদ্যোগটি সংস্থার ইতিহাস উদ্‌যাপনের পাশাপাশি এশিয়ার জনগণের মধ্যে সুসমাচার প্রচার, বিশ্বাসকে আরও দৃঢ় করা এবং ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার অঙ্গীকারকে নতুন করে শক্তিশালী করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।

প্রতিবেদন- রেডিও ভেরিতাস এশিয়া

অনুবাদ – তেরেসা রোজারিও

 

 

Bengali pop up image