ফুসফুসে গাঁট, অস্ত্রোপচার হবে পোপ লিওর
ভ্যাটিকান, ১১ অক্টোবর: পোপ লিও চতুর্দশের ফুসফুসে প্রাথমিক পর্যায়ে একটি গাঁট ধরা পড়েছে। আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করে সেটি অপসারণ করা হবে বলে ১১ অক্টোবর রবিবার জানিয়েছেন পোপ।
ভ্যাটিকানে অ্যাঞ্জেলস প্রার্থনার পর উপস্থিত বিশ্বাসীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে পোপ জানান, সম্প্রতি তাঁর শারীরিক পরীক্ষার সময় গাঁটটি শনাক্ত হয়। তাঁর চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন এবং তিনি সেই পরামর্শ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভ্যাটিকান নিউজ-এর প্রকাশিত তাঁর ইতালীয় ভাষায় বক্তব্যের ইংরেজিতে অনুবাদ অনুযায়ী, পোপ বলেন, “চিকিৎসকেরা আমার ফুসফুসে একটি গাঁট খুঁজে পেয়েছেন। এটি একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে এবং নির্দিষ্ট একটি স্থানেই রয়েছে।”
অস্ত্রোপচারের আগে পোপ তাঁর পাশে থাকার জন্য খ্রিষ্ট বিশ্বাসীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে, এই সময়ে তাঁর জন্য প্রার্থনা করার আবেদন জানান তিনি। অনুবাদ – অতনু দাস।
