ঈশ্বরের ভালোবাসা ছড়িয়ে দিক আরভিএ: কার্ডিনাল আভিনকুলা

আরভিএ-কে আব্রাহামের তাঁবুর মতো হয়ে ওঠার আহ্বান কার্ডিনাল আভিনকুলার।

আরভিএ যেন আব্রাহামের তাঁবুর মতো হয়ে ওঠে, যেখানে একাকী, অবহেলিত ও উপেক্ষিত মানুষ আশ্রয় খুঁজে পান। এশিয়ার মানুষের কাছে ঈশ্বরের ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ম্যানিলার আর্চবিশপ কার্ডিনাল হোসে আভিনকুলা। ৯ অক্টোবর ম্যানিলার কেজন সিটিতে রেডিও ভেরিতাস এশিয়ার (আরভিএ) সদর দপ্তরে এক বিশেষ খ্রিস্টযাগে তিনি এই কথা বলেন।

আরভিএ-র ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতির সূচনা উপলক্ষে ‘RVA@60’ কর্মসূচির উদ্বোধন হয় এই অনুষ্ঠানে। ২০২৭ সালে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে।

কার্ডিনাল আভিনকুলা বলেন, আরভিএ-র ডিজিটাল মাধ্যমগুলি যেন এমন একটি পরিসর হয়ে ওঠে, যেখানে প্রত্যেকে স্বাগত ও আপনজনের সান্নিধ্য অনুভব করেন। এশিয়ার বহু অঞ্চলে খ্রিস্টানরা সংখ্যালঘু হলেও, আরভিএ দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাষায় মানুষের কাছে সুসমাচার পৌঁছে দিচ্ছে।

ডিজিটাল জগতে বিদ্বেষ, ভুয়ো তথ্য ও বিভাজন বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমকে মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং সত্যের বার্তা ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করতে হবে। বিশেষ করে যাঁরা একাকিত্বে ভোগেন কিংবা সমাজে নিজেদের অবহেলিত মনে করেন, তাঁদের কথা তুলে ধরতে হবে।

কলকাতার সেন্ট তেরেসার সেবার আদর্শ স্মরণ করে কার্ডিনাল বলেন, মানুষের মাতৃভাষায় সুসমাচার প্রচার করলে সেই বার্তা তাঁদের হৃদয়ে আরও গভীরভাবে পৌঁছায়।

প্রায় ১০০ জনের উপস্থিতিতে আয়োজিত এই খ্রিস্টযাগে ‘RVA@60’ কর্মসূচির সূচনা ছাড়াও সেন্ট পোপ পল ষষ্ঠ, সেন্ট পোপ জন পল দ্বিতীয় ও কলকাতার সেন্ট তেরেসার মূর্তি স্থাপন ও আশীর্বাদ করা হয়। প্রকাশ করা হয় আরভিএ-র ‘থ্রি সেইন্টস অ্যান্থেম’। পাশাপাশি চ্যাপেলের আসন ও আরভিএ-র বিভিন্ন পরিকাঠামো আশীর্বাদ করেন কার্ডিনাল।

ধর্মোপদেশের শেষে আরভিএ-র কর্মী ও সমর্থকদের প্রার্থনা এবং সহযোগিতার মাধ্যমে এই প্রচারকাজ এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, যাঁদের কণ্ঠস্বর শোনা যায় না, তাঁদের কথা তুলে ধরা এবং সত্যের বার্তা পৌঁছে দেওয়াই হোক আরভিএ-র অন্যতম লক্ষ্য। অনুবাদ – অতনু দাস।

Tags
Bengali pop up image