ম্যানিলায় আরভিএ-র চ্যাপেলে তিন সাধুর মূর্তি স্থাপন ও আশীর্বাদ

তিন সাধুর অবদান স্মরণে ম্যানিলায় আরভিএ-র সদর দপ্তরে মূর্তি স্থাপন

এশিয়ায় সুসমাচার প্রচারে তিন সাধুর অবদানকে স্মরণ করে ৯ অক্টোবর ম্যানিলায় রেডিও ভেরিতাস এশিয়ার (আরভিএ) সদর দপ্তরে তাঁদের মূর্তি স্থাপন ও আশীর্বাদ করা হয়। সাধুরা হলেন সেন্ট পোপ পল ষষ্ঠ, সেন্ট পোপ জন পল দ্বিতীয় এবং কলকাতার সেন্ট তেরেসা।

কেজন সিটিতে আরভিএ-র ‘থ্রি সেইন্টস চ্যাপেল’-এ আয়োজিত বিশেষ খ্রিস্টযাগে ম্যানিলার আর্চবিশপ কার্ডিনাল হোসে আভিনকুলা তিনটি মূর্তি এবং চ্যাপেলের নতুন বসার আসনগুলি আশীর্বাদ করেন। অনুষ্ঠানে ২০২৯ সালে আরভিএ-র ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের প্রস্তুতির সূচনা উপলক্ষে ‘RVA@60’ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

শোভাযাত্রার মাধ্যমে সাধুদের মূর্তিগুলি বেদির সামনে নিয়ে আসা হয়। আরভিএ-র কর্মী ও বিভিন্ন ভাষা বিভাগের প্রতিনিধিরা মূর্তিগুলি বহন করেন। এই আয়োজনের মধ্য দিয়ে গণমাধ্যমের সাহায্যে সুসমাচার প্রচারে সেন্ট পোপ পল ষষ্ঠের অবদান, এশিয়ার বিভিন্ন ভাষায় খ্রিস্টের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেন্ট পোপ জন পল দ্বিতীয়ের অনুপ্রেরণা এবং সেন্ট তেরেসার সেবার আদর্শকে তুলে ধরা হয়।

পরে চ্যাপেলের একটি পার্শ্ববেদিতে মূর্তিগুলি স্থাপন করা হয়, যাতে সেখানে আগত মানুষ প্রার্থনা করতে পারেন এবং সাধুদের মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করতে পারেন।

অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন বিশপ, পুরোহিত, ধর্মীয় সংঘের সদস্য এবং আরভিএ-র বিভিন্ন ভাষা বিভাগের সমন্বয়করা। খ্রিস্টযাগে উপস্থিত বিশপদের মধ্যে ছিলেন সান পাবলোর বিশপ মার্সেলিনো আন্তোনিও মারালিত জুনিয়র, পাসিগের বিশপ মাইলো হুবার্ট ভারগারা, নোভালিচেসের বিশপ রবার্তো গা এবং শ্রীলঙ্কার বিশপ হোসে সিলভা।

এর আগে ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত আরভিএ-র ভাষা বিভাগের সমন্বয়কদের নিয়ে একটি চার দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর সকালে স্টেশনের বার্ষিক বাজেট বৈঠকও হয়। এদিনের অনুষ্ঠানে আরভিএ-র ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি কর্মসূচির পাশাপাশি ‘থ্রি সেইন্টস অ্যান্থেম’-এরও আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। অনুবাদ – অতনু দাস।

Tags
Bengali pop up image