তিন সাধুর সম্মানে বিশেষ সঙ্গীত প্রকাশ রেডিও ভেরিতাস এশিয়ার

তিন সাধুর সম্মানে বিশেষ সঙ্গীত প্রকাশ রেডিও ভেরিতাস এশিয়ার

২০২৯ সালে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের প্রস্তুতির অংশ রূপে এশিয়ার ক্যাথলিক সম্প্রচার সংস্থা রেডিও ভেরিতাস এশিয়া (RVA) প্রকাশ করল তিন সাধুর সম্মানে রচিত একটি বিশেষ সঙ্গীত। গত ৯ অক্টোবর, মেট্রো ম্যানিলার কেজন সিটিতে অবস্থিত RVA-র সদর দপ্তরে আয়োজিত বিশেষ খ্রীষ্টযাগের সময় সঙ্গীতটি প্রকাশ করা হয়। সঙ্গীতটি উৎসর্গ করা হয়েছে সাধু পোপ ষষ্ঠ পল, সাধু পোপ দ্বিতীয় জন পল এবং কলকাতার সাধ্বী তেরেসার প্রতি।

‘আওয়ার ডিয়ারেস্ট থ্রি সেইন্টস’ (Our Dearest Three Saints) শীর্ষক এই সঙ্গীতটি রচনা করেছেন ফিলিপাইনের গীতিকার মার্ক আন্তুনি কুয়েভাস। RVA-র থ্রি সেইন্টস চ্যাপেলের জন্য বিশেষভাবে এই সঙ্গীত রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ম্যানিলার মহাধর্মপাল কার্ডিনাল হোসে আদভিনকুলা একটি বোতাম টিপে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতটির উদ্বোধন করেন। পরে তিনি চ্যাপেলে স্থাপিত তিন সাধুর মূর্তি এবং নতুন বসানো আসনগুলিতে আশীর্বাদ প্রদান করেন।

RVA-র ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘RVA@60’ উদ্‌যাপনের অংশ ছিল এই অনুষ্ঠান। এর পাশাপাশি তিন সাধুর মূর্তি স্থাপন, সম্প্রচার কেন্দ্রের বিভিন্ন পরিকাঠামো আশীর্বাদ এবং ২০২৭ সালকে সাধু পোপ ষষ্ঠ পলের প্রতি উৎসর্গ করার কর্মসূচিও পালিত হয়।

নতুন এই সঙ্গীতের প্রতিটি অংশে ফুটে উঠেছে তিন সাধুর স্বতন্ত্র অবদান, মন্ডলীর প্রতি তাঁদের সেবা এবং সমগ্র এশিয়া জুড়ে সুসমাচার প্রচারে RVA-র লক্ষ্য।

সঙ্গীতটিতে বারবার ‘পোপ পল ও জন’ এবং মাদার তেরেসাকে আধ্যাত্মিক পৃষ্ঠপোষক হিসেবে স্মরণ করা হয়েছে। তাঁদের জীবন বিশ্বস্তদের কাছে অনুসরণযোগ্য আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তাঁদের মধ্যস্থতায় প্রার্থনা জানানো হয়েছে, যাতে RVA-র সুসমাচার প্রচারের মিশন খ্রীষ্টের বাণী প্রচারের ‘এক কণ্ঠস্বর’ হয়ে উঠতে পারে।

প্রথম স্তবকে সম্মান জানানো হয়েছে সাধু পোপ ষষ্ঠ পলকে, যিনি ১৯৬৯ সালে ম্যানিলায় RVA-র সম্প্রচার মিশনের সূচনা করেছিলেন। বিভিন্ন সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা অতিক্রম করে মানুষের কাছে মন্ডলীর বার্তা পৌঁছে দিতে আধুনিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তাঁর দূরদর্শী ভাবনার কথা স্মরণ করা হয়েছে। তাঁর এই উত্তরাধিকারকে এমন এক আশার স্ফুলিঙ্গ হিসেবে তুলে ধরা হয়েছে, যা সারা বিশ্বের মানুষের সঙ্গে মন্ডলীগুলির সংযোগ স্থাপন করে।

দ্বিতীয় স্তবকে শ্রদ্ধা জানানো হয়েছে সাধু পোপ দ্বিতীয় জন পলকে। মানুষের মর্যাদা রক্ষা, অসহায় ও দুর্বল মানুষের প্রতি তাঁর উদ্বেগ এবং তরুণদের সাহস জোগানোর ভূমিকা এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তরুণদের উদ্দেশে তাঁর বহুল পরিচিত আহ্বান—‘ভয় পেয়ো না’—এই সঙ্গীতে বিশেষ তাৎপর্য বহন করেছে।

সঙ্গীতটির মধ্যবর্তী অংশে স্মরণ করা হয়েছে কলকাতার সাধ্বী মাদার তেরেসাকে। দুঃস্থ, অভাবগ্রস্ত ও অসহায় মানুষের প্রতি তাঁর নীরব সাক্ষ্য, ভালোবাসা ও সহমর্মিতা RVA-র সুসমাচার প্রচারের মিশনের মানবিক ও সেবামূলক দিকটিকে প্রকাশ করে। 

শেষাংশে তিন সাধুর মধ্যস্থতায় RVA এবং তার সুসমাচার প্রচারের মিশনের জন্য প্রার্থনা জানানো হয়েছে।

এর আগেও মার্ক আন্তুনি কুয়েভাস RVA-র সঙ্গে কাজ করেছেন। ২০২৫ সালে পোপ ফ্রান্সিসের পরিবেশবিষয়ক এনসাইক্লিক্যাল Laudato Si’-র দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রচারাভিযানের জন্য তিনি ‘স্টুয়ার্ডস অফ ক্রিয়েশন’ (Stewards of Creation) শীর্ষক সঙ্গীতটি রচনা করেছিলেন। এই এনসাইক্লিক্যালে আমাদের এই পৃথিবী—রক্ষার আহ্বান জানানো হয়েছে।

৯ অক্টোবরের এই বিশেষ অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ১০০ জন বিশ্বাসী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন বিশপ, পুরোহিত, ধর্মীয় জীবনযাপনকারী এবং RVA-র বিভিন্ন ভাষা বিভাগের সমন্বয়কারীরা। খ্রীষ্টযাগে সহ-উদ্‌যাপনকারী বিশপদের মধ্যে ছিলেন সান পাবলোর বিশপ মার্সেলিনো আন্তোনিও ‘জুনি’ মারালিত জুনিয়র, পাসিগের বিশপ মাইলো হুবার্ট ক্লদিও ভারগারা, নোভালিচেসের বিশপ রবার্তো গা এবং শ্রীলঙ্কার বিশপ হোসে সিলভা।

নতুন এই সঙ্গীত RVA-র আধ্যাত্মিক ঐতিহ্যে এক নতুন সুর সংযোজন করল। প্রতিষ্ঠাতা পোপ সাধু ষষ্ঠ পলের দূরদর্শী ভাবনা, সাধু পোপ দ্বিতীয় জন পলের ঐক্যের বার্তা এবং কলকাতার সাধ্বী তেরেসার সহমর্মিতাপূর্ণ সেবার আদর্শকে একসূত্রে গেঁথে সঙ্গীতটি এশিয়ার বিভিন্ন সংস্কৃতি ও জনগোষ্ঠীর কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার RVA-র অব্যাহত মিশনকে আরও অর্থবহ করে তোলে।

প্রতিবেদন – রেডিও ভেরিতাস এশিয়া

অনুবাদক – তেরেসা রোজারিও 

 

 

Bengali pop up image