কারিতাস বাংলাদেশের আয়োজনে জলবায়ু সুরক্ষায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ দিবস উদযাপন

জলবায়ু সুরক্ষায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হলো পরিবেশ দিবস

গত ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, কারিতাস বাংলাদেশের আয়োজনে জলবায়ু সুরক্ষায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হলো পরিবেশ দিবস।

এই দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এই দিবস উদযাপন করা একটি বৈশ্বিক আন্দোলন যা প্রতিটি মানুষকে মনে করিয়ে দেয় এই পৃথিবীর যত্ন নেওয়া আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।

এই বছর বিশ্ব পরিবেশ দিবসের মূলসুর হচ্ছে  “জলবায়ু সংকট মোকাবিলায় সমাধান এবং স্থিতিস্থাপকতা”। এই মূলসুরকে সামনে রেখে কক্সবাজারের ক্যাম্প-১৭-এ বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো।

কারিতাস বাংলাদেশের ওয়াশ (WASH) সেক্টরের উদ্যোগে এবং ব্র্যাক, সিপিআই, (YPSA) ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প-১৭-এর ক্যাম্প ইন-চার্জ তৃপ্তি চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন সিবি-ইআরপির প্রকল্প পরিচালক লিটন গোমেজ, ক্যাম্প ম্যানেজমেন্ট কর্মকর্তা মো. মাসুদ পারভেজ, বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি, কারিতাস কর্মী এবং ৫০০-এরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন)।

কারিতাস বাংলাদেশের আয়োজনে জলবায়ু সুরক্ষায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ দিবস উদযাপন

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছিলো একটি বর্ণাঢ্য র‍্যালি, পরিবেশবিষয়ক সচেতনতামূলক আলোচনা এবং বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে লেবু, আমলকি, নিম ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয় এবং ক্যাম্পের বিভিন্ন স্থানে সেগুলো রোপণ করা হয়।

আয়োজকরা জানান, এ উদ্যোগের লক্ষ্য ছিল ক্যাম্প এলাকায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা জোরদার করা।

অনুষ্ঠানের সমাপনীতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। - আরভিএ সংবাদ

Bengali pop up image