বরিশাল ধর্মপ্রদেশের পাদ্রীশিবপুর ধর্মপল্লীতে উদযাপিত হলো ৬০তম বিশ্ব যোগাযোগ দিবস
গত ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বরিশাল কাথলিক ডাইওসিসের সামাজিক যোগাযোগ কমিশনের আয়োজনে পাদ্রীশিবপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ৬০তম বিশ্ব যোগাযোগ দিবস।
পূণ্যপিতা পোপ চতুর্দশ লিও কর্তৃক প্রদত্ত এ বছরের মূলভাব ছিল “মানব কণ্ঠস্বর ও মুখমন্ডল সংরক্ষণ”। এতে ধর্মপল্লীর বিসিএসএম সদস্যগণ, যুব সংঘের সদস্যগণ, ওয়াইসিএস সদস্যগণ সহ মোট ৫৩ জন অংশগ্রহণ করেন।
অর্ধবেলার এই অনুষ্ঠানে মূলভাবের ওপর সহভাগিতা করেন কমিশন সদস্য যোসেফ রুবেন দেউরী। তিনি তার সহভাগিতায় পোপ চতুর্দশ লিও’র বাণীর আলোকে বলেন, “এই প্রযুক্তির যুগে মানুষ যন্ত্রপাতির নিকটবর্তী হলেও, মানুষ হৃদয়ের সংযোগ থেকে দুরে সরে যাচ্ছে। মানুষের অনুভূতি, কন্ঠ, এমনকি চিন্তাও প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে।”
আর এর জন্য পুণ্যপিতা পোপ আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন, “মানুষের মুখ ও কন্ঠ শুধুমাএ জৈবিক বৈশিষ্ট্য নয়; এই গুলো ঈশ্বরপ্রদও মর্যাদা, সর্ম্পক এবং ভালবাসার প্রতিচ্ছবি”। তাই এই গুলোর সঠিক ব্যবহার করতে হবে।”
খ্রিস্টযাগে পৌরহিত্য করেন যোগাযোগ কমিশনের সমন্বয়কারী ফাদার লরেন্স লেকাভালিয়ে গোমেজ এবং সহযোগিতা করেন কমিশন সদস্য ও পাদ্রীশিবপুর ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার গৌরব জে, পাথাং, সিএসসি।
এছাড়া এ দিনটিকে স্মরণ করে রাখার জন্য এবং অংশগ্রহণকারীদের সৃষ্টির যত্নে উদ্ভুদ্ধ করার জন্য বৃক্ষরোপন কর্মসূচী আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে এবং উদ্যমতার সহিত সকলে বৃক্ষরোপনে অংশগ্রহণ করে এবং তারা বলেন, “প্রত্যেকে এ বছর অন্তত ২ টি করে বৃক্ষ রোপন করবে।”
পরিশেষে পাদ্রীশিবপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সমীর ডি’ রোজারিও, সিএসসি’র ধন্যবাদমূলক বক্তব্য প্রদানের মধ্য দিয়ে এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয় । - যোসেফ রুবেন দেউরী