কলাহৃদয়ে মঞ্চস্থ সাধু ফ্রান্সিসের জীবন অবলম্বনে বর্ণময় নৃত্যনাট্য, ভালোবাসা ও শান্তির বার্তা
কলকাতা, ১৫ নভেম্বর ২০২৬: হিংসা, যুদ্ধ ও বিভেদের অস্থির সময়ে প্রকৃতি, মানুষ ও ঈশ্বরের প্রতি ভালোবাসার বার্তা নিয়ে যীশু সংঘ সমাজ পরিচালিত ‘কলাহৃদয়’ প্রাঙ্গণে মঞ্চস্থ হলো আসিসির সাধু ফ্রান্সিসের জীবন অবলম্বনে এক মনোজ্ঞ নৃত্যনাট্য।
যীশু সংঘ সমাজ পরিচালিত ‘কলাহৃদয়’ এবং কনস্যুলেট জেনারেল অফ ইতালির যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয় সাধু ফ্রান্সিসের আধ্যাত্মিক জীবন, ঈশ্বরের প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং দরিদ্র ও অসহায় মানুষের সেবায় তাঁর আত্মনিবেদনের আদর্শ।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কলাহৃদয়ের প্রতিষ্ঠাতা ফাদার ড. সাজু জর্জ এস.জে.। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শ্যামল বোস, ধর্মপ্রদেশের ধর্মযাজক ও সন্ন্যাসিনীবৃন্দ, শিল্পী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‘তোমারই জয়গান হোক’—এই মূল ভাবনাকে কেন্দ্র করে নির্মিত নৃত্যনাট্যে সাধু ফ্রান্সিসের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় শিল্পের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। ঐশ্বর্য ও আভিজাত্যের জীবন পরিত্যাগ করে কীভাবে তিনি ঈশ্বরের পথে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন, প্রকৃতি ও সৃষ্টির সৌন্দর্যের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছিলেন এবং দরিদ্র মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় মঞ্চে।
পাশাপাশি, তৎকালীন পোপের অনুমোদন ও সহযোগিতায় সাধু ফ্রান্সিসের আদর্শকে কেন্দ্র করে একটি আধ্যাত্মিক সম্প্রদায় গড়ে ওঠার ইতিহাসও নৃত্যনাট্যে তুলে ধরা হয়। তাঁর জীবন ও বাণী কীভাবে অসংখ্য মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে এসেছিল, সেই আধ্যাত্মিক যাত্রার চিত্রও দর্শকদের সামনে উপস্থাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কলাহৃদয়ের সংগীত শিক্ষক ফাদার ড. শ্যামল মাখাল এস.জে.-এর কণ্ঠে প্রার্থনাসংগীত পরিবেশিত হয়। তাঁর পরিবেশনা অনুষ্ঠানে এক গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। এরপর শুরু হয় বহু প্রতীক্ষিত নৃত্যনাট্য। মনোমুগ্ধকর নৃত্য, সংগীত, অভিনয় ও মঞ্চসজ্জার সমন্বয়ে সাধু ফ্রান্সিসের জীবনদর্শন দর্শকদের সামনে জীবন্ত হয়ে ওঠে। তাঁর আত্মত্যাগ, সরলতা, সৃষ্টির প্রতি ভালোবাসা এবং মানবসেবার আদর্শ উপস্থিত দর্শকদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।
নৃত্যনাট্য শেষে বিশপ শ্যামল বোস ফাদার ড. সাজু জর্জ এস.জে. এবং এই প্রযোজনার সঙ্গে যুক্ত সকল শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। সাধু ফ্রান্সিসের জীবন ও আধ্যাত্মিক আদর্শকে এত সুন্দর ও সৃজনশীলভাবে তুলে ধরার জন্য তিনি তাঁদের বিশেষ প্রশংসা করেন।
উল্লেখ্য, বর্তমান বিশ্বে যখন যুদ্ধ, হিংসা, সংঘাত ও বিভাজন মানবতার সামনে এক গভীর সংকট তৈরি করেছে, তখন আসিসির সাধু ফ্রান্সিসের জীবন ও আদর্শ নতুন করে শান্তি, ভালোবাসা ও সম্প্রীতির পথ দেখায়। প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া, সৃষ্টির প্রতিটি উপাদানকে ভালোবাসা এবং প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করার যে শিক্ষা তিনি দিয়েছিলেন, কলাহৃদয়ের এই নৃত্যনাট্য সেই চিরন্তন বার্তাকেই নতুন করে স্মরণ করিয়ে দিল।
প্রতিবেদন: তন্ময় মণ্ডল
