ইউরোপকে শান্তির অঙ্গীকার নবায়নের আহ্বান জানিয়েছেন কার্ডিনাল পারোলিন
ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনার মধ্যে শান্তি রক্ষার নতুন উদ্যোগ গ্রহণের পোপ চতুর্দশ লিও’র আহ্বানের কথা ইউরোপীয় পার্লামেন্টে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তুলে ধরেন কার্ডিনাল পারোলিন।
ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে পোপ চতুর্দশ লিও’র শুভেচ্ছা জানিয়ে কার্ডিনাল পারোলিন তাঁর বক্তব্যে বলেন, “জাতিসমূহের মধ্যে সম্প্রীতি হলো এমন একটি ‘প্রতিশ্রুতি’ যা ইউরোপীয় ইউনিয়নের মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত এবং শান্তি রক্ষার লক্ষ্যে গৃহীত বাস্তব সিদ্ধান্তের মাধ্যমে এক অবিরত লালন করতে হবে।”
ইউরোপীয় ইউনিয়নের মূল্যবোধের প্রসার, সুরক্ষা এবং ইউরোপীয় সংহতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রদত্ত প্রথম ‘ইউরোপীয় অর্ডার অফ মেরিট’ গ্রহণের জন্য নির্বাচিত হওয়ায় ভাটিকানসিটির স্টেট অফ সেক্রেটারী স্ট্রাসবুর্গে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে উপস্থিত ছিলেন।
কার্ডিনাল মহোদয় বলেন, “শান্তির প্রসার ও সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে ইউরোপীয় জোটের যে ‘সম্মিলিত দৃঢ়বিশ্বাস’ তার ভিত্তি রয়েছে ইউরোপের ইতিহাসে গভীরভাবে প্রোথিত মূল্যবোধে, যা আজও শক্তিশালী সাক্ষ্য বহন করতে সক্ষম।”
তিনি আরও বলেন, “এ মূল্যবোধগুলোর সর্বাগ্রে রয়েছে মানব মর্যাদার স্বীকৃতি, যা অলঙ্ঘনীয় এবং জীবনের প্রতিটি পর্যায়ে তা সুরক্ষিত রাখা আবশ্যক।” - সাপ্তাহিক প্রতিবেশী