কলাহৃদয়ে মঞ্চস্থ সাধু ফ্রান্সিসের জীবন অবলম্বনে বর্ণময় নৃত্যনাট্য, ভালোবাসা ও শান্তির বার্তা
কলকাতা, ১৫ নভেম্বর ২০২৬: হিংসা, যুদ্ধ ও বিভেদের এই অস্থির সময়ে প্রকৃতি, মানুষ ও ঈশ্বরের প্রতি ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির এক অনন্য বার্তা নিয়ে কলাহৃদয় প্রাঙ্গণে মঞ্চস্থ হলো আসিসির সাধু ফ্রান্সিসের জীবন অবলম্বনে এক বর্ণময় নৃত্যনাট্য।
যীশু সংঘ সমাজ পরিচালিত ‘কলাহৃদয়’-এর ২৫তম বার্ষিকী মহোৎসব উদযাপন উপলক্ষে এবং ইতালির জাতীয় সাধু আসিসির সাধু ফ্রান্সিসের ৮০০তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই বিশেষ নৃত্যনাট্যের আয়োজন করা হয়।
ইতালির কনস্যুলেট জেনারেল, কলকাতার উদ্যোগে প্রফেসর ড. সাজু জর্জ এস.জে.-কে এই নৃত্যনাট্য নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। ‘Laudato Si’ শিরোনামে নির্মিত এই প্রযোজনায় সাধু ফ্রান্সিসের জীবন, আধ্যাত্মিকতা এবং সৃষ্টির প্রতি তাঁর গভীর ভালোবাসার আদর্শ শিল্পের ভাষায় তুলে ধরা হয়।
১৫ নভেম্বর, রবিবার, কলাহৃদয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল মাননীয় বিশপ শ্যামল বোস। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত ইতালির ডেপুটি কনসাল জেনারেল শ্রীড্যানিয়েলে পানফিলো (Mr. Daniele Panfilo)। এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর ধর্মপ্রদেশের ধর্মযাজক ও সন্ন্যাসিনীবৃন্দ, শিল্পী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‘তোমারই জয়গান হোক প্রভু’—এই মূল ভাবনাকে কেন্দ্র করে নির্মিত নৃত্যনাট্যে আসিসির সাধু ফ্রান্সিসের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় নৃত্য, সংগীত ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। ঐশ্বর্য ও আভিজাত্যে ভরা জীবন পরিত্যাগ করে কীভাবে তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের পথে নিজেকে সমর্পণ করেছিলেন, প্রকৃতি ও সৃষ্টির সৌন্দর্যের মধ্যে কীভাবে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছিলেন এবং দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, তারই জীবন্ত চিত্র ফুটে ওঠে মঞ্চে।
নৃত্যনাট্যে আরও তুলে ধরা হয়, তৎকালীন পোপের অনুমোদন ও সহযোগিতায় সাধু ফ্রান্সিস কীভাবে তাঁর আদর্শকে কেন্দ্র করে একটি আধ্যাত্মিক সম্প্রদায় গড়ে তুলেছিলেন। তাঁর জীবন ও প্রচারের মাধ্যমে অসংখ্য মানুষ কীভাবে ঈশ্বরের সান্নিধ্যে এসেছিল এবং খ্রিস্টীয় বিশ্বাসের আলো কীভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, সেই ইতিহাসও শিল্পের ভাষায় দর্শকদের সামনে উপস্থাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কলাহৃদয়ের সংগীত শিক্ষক ফাদার ড. শ্যামল মাখাল এস.জে.-এর কণ্ঠে প্রার্থনাসংগীত পরিবেশিত হয়। তাঁর পরিবেশনা অনুষ্ঠানে এক গভীর আধ্যাত্মিক ও মনোমুগ্ধকর আবহ সৃষ্টি করে। এরপর শুরু হয় বহু প্রতীক্ষিত নৃত্যনাট্য। প্রফেসর ড. সাজু জর্জ এস.জে. এবং তাঁর দলের পরিবেশনায় ভারতীয় নৃত্য-নাট্যের ছন্দ, সংগীত ও অভিনয়ের অপূর্ব সমন্বয়ে সাধু ফ্রান্সিসের জীবনদর্শন মঞ্চে জীবন্ত হয়ে ওঠে। তাঁর আত্মত্যাগ, সরলতা, সৃষ্টির প্রতি মমতা এবং মানুষের সেবার আদর্শ দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে।
নৃত্যনাট্য শেষে প্রধান অতিথি বিশপ শ্যামল বোস ফাদার ড. সাজু জর্জ এস.জে. এবং এই প্রযোজনার সঙ্গে যুক্ত সকল শিল্পী ও কলাকুশলীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এত সুন্দর ও সৃজনশীল উপায়ে সাধু ফ্রান্সিসের জীবন ও তাঁর আধ্যাত্মিক আদর্শ তুলে ধরার জন্য তিনি তাঁদের বিশেষভাবে অভিনন্দন জানান।
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর, শুক্রবার, কলকাতার সিআইটি রোডের হলি চাইল্ড স্কুলে সাধারণ দর্শকদের জন্য ‘Laudato Si’ নৃত্যনাট্যটি পুনরায় মঞ্চস্থ হতে চলেছে। বিকেল সাড়ে চারটে নাগাদ অনুষ্ঠানটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে আরও বেশি মানুষের কাছে সাধু ফ্রান্সিসের জীবনদর্শন ও তাঁর ভালোবাসা, শান্তি এবং সৃষ্টির প্রতি যত্নশীল হওয়ার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ যখন পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ, হিংসা, সংঘাত ও বিভাজন মানবতার অস্তিত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, তখন আসিসির সাধু ফ্রান্সিসের জীবন আমাদের সামনে তুলে ধরে এক ভিন্ন পথ—ভালোবাসার পথ, শান্তির পথ এবং সেবার পথ। প্রকৃতিকে ভালোবাসা, সৃষ্টির প্রতি যত্নশীল হওয়া এবং প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের মুখ খুঁজে নেওয়ার যে শিক্ষা সাধু ফ্রান্সিস তাঁর জীবনের মাধ্যমে দিয়েছেন, কলাহৃদয়ে মঞ্চস্থ এই নৃত্যনাট্য সেই চিরন্তন বার্তাকেই নতুন করে স্মরণ করিয়ে দিল।
সত্যিই, ভালোবাসার মধ্য দিয়েই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়—আর আসিসির সাধু ফ্রান্সিসের জীবন সেই সত্যের এক উজ্জ্বল সাক্ষ্য।
প্রতিবেদন: তন্ময় মণ্ডল
