পোপ চতুর্দশ লিও’র ফুসফুসে অস্ত্রোপচার সফল

পোপ চতুর্দশ লিও

ভ্যাটিকান - ১৫ই অক্টোবর, ২০২৬ : সফল ফুসফুস অস্ত্রোপচারের পর রোমের জেমেলি হাসপাতালে প্রথম রাত শান্তিতেই কাটিয়েছেন পোপ চতুর্দশ লিও, বুধবার সকালে জানিয়েছে হোলি সি প্রেস অফিস।

প্রেস অফিস এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, "পোপের রাত শান্তিতে কেটেছে। পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।"

মঙ্গলবার জেমেলি হাসপাতালে পোপের অস্ত্রোপচার হয়, যেখানে চিকিৎসকরা তাঁর ডান ফুসফুসের নিচের লোবটি অপসারণ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে, জেমেলি হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক স্টেফানো মার্গারিটোরা এবং ডাঃ লুইজি কার্বোনে, যিনি চিকিৎসক দলের নেতৃত্বে অস্ত্রোপচারটি করেন, জানান যে সম্পূর্ণ রিসেকশন নিশ্চিত করতে ভিডিও-অ্যাসিস্টেড পদ্ধতিতে অস্ত্রোপচারটি করা হয়।

চিকিৎসকরা জানান, "অপারেশনের সময় করা হিস্টোলজিক্যাল পরীক্ষায় ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা রোগ নির্ণয় নিশ্চিত হয়েছে।"

পোপ প্রায় তিন ঘণ্টা অপারেশন রুমে ছিলেন, যার মধ্যে অস্ত্রোপচারটি চলে প্রায় ৯০ মিনিট। চিকিৎসক দল জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং কোনো জটিলতা হয়নি।

হোলি সি প্রেস অফিস জানিয়েছে, অস্ত্রোপচারের পর  স্বাভাবিকভাবে পোপের জ্ঞান  ফিরে আসে এবং কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকার পর হাসপাতালের ১০ তলায় তাঁর কক্ষে ফিরে যান।

হোলি সি প্রেস অফিসের ডিরেক্টর মাত্তেও ব্রুনি জানান, অস্ত্রোপচারের পর পোপ রাতের খাবার চেয়েছিলেন এবং সন্ধ্যাটা তাঁর সেক্রেটারি ও অন্যান্য ভ্যাটিকান কর্মীদের সঙ্গে কাটান।

আগামী কয়েকদিনে অপসারিত টিস্যুর উপর আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অনুলিখন – চন্দনা রোজারিও।

Bengali pop up image