সেন্ট জেভিয়ার্স কলেজের এনএসএস ইউনিট–II-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো জনসচেতনতামূলক অনুষ্ঠান
গত ২৩ শে অক্টোবর থেকে ২৯ শে অক্টোবর সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বশাসিত), কলকাতার রাঘবপুর ক্যাম্পাসের এনএসএস ইউনিট–II-এর উদ্যোগে এনএসএস পূজা শিবির ২০২৬-এর আয়োজন করা হয় যার মূল লক্ষ্য ছিল “যক্ষ্মামুক্ত যুবসমাজ” এবং ”নেশামুক্ত যুবসমাজ” —এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে জনসচেতনতা গড়ে তোলা।
“যক্ষ্মামুক্ত যুবসমাজ” কর্মসূচির অন্তর্গত কার্যক্রমের সূচনা হয় পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের প্রতিনিধিদের পরিচালনায় একটি বিশেষজ্ঞভিত্তিক যক্ষ্মা সচেতনতামূলক অধিবেশনের মাধ্যমে। এই কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ ছিল চারটি গ্রাম—বড়গড়ি, আমনমৌরি, সোদেপাড়া ও জগন্নাথপুরে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত গৃহভিত্তিক সমীক্ষা।
“Tuberculosis Awareness, Vulnerability and Health-Seeking Behaviour: A Household-Level Study of the Socio-Economic Fabric of Rural Communities” শীর্ষক এই গবেষণার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক পরিস্থিতি, যক্ষ্মা সম্পর্কে সচেতনতা, রোগের ঝুঁকি এবং চিকিৎসা গ্রহণের প্রবণতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
সমীক্ষার পর প্রতিটি গ্রামে পৃথকভাবে যক্ষ্মা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।এনএসএস স্বেচ্ছাসেবকরা গ্রামবাসীদের যক্ষ্মার লক্ষণ, প্রতিরোধের উপায় এবং রোগের ঝুঁকির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি, সমীক্ষায় যক্ষ্মা নিয়ে সামাজিক কলঙ্ক ও কুসংস্কার এবং চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে যাতায়াতজনিত অসুবিধার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলি উঠে আসে।
এর পাশাপাশি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থায়িত্বশীল জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবকরা হাতে-কলমে কিচেন গার্ডেনিং বা বাড়ির আঙিনায় সবজি চাষের কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়াও, উদয়নী (Udayani) NGO-র সঙ্গে একটি শিক্ষামূলক অধিবেশনে অংশ নিয়ে তাঁরা গ্রামীণ উন্নয়ন, তৃণমূল স্তরের উদ্যোগ এবং জীবিকা উন্নয়নের বিভিন্ন কর্মপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন।
যক্ষ্মা-সংক্রান্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর, শিবিরের পরবর্তী পর্যায়ে গুরুত্ব দেওয়া হবে নেশামুক্ত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে। এই পর্যায়ে মাদকাসক্তি ও নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে একটি পথনাটিকা বা নুক্কড় নাটক পরিবেশিত হবে। এর পাশাপাশি, জাতীয় ঐক্যের বার্তা প্রচারের উদ্দেশ্যে ঐক্য দিবসের র্যালি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি স্বচ্ছতা অভিযান আয়োজন করা হবে।
এই শিবিরের মাধ্যমে এনএসএস এর স্বেচ্ছাসেবকরা প্রত্যক্ষ জনসম্পৃক্ততা, গবেষণা, সচেতনতা প্রচার এবং সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে গ্রামীণ সমাজের উন্নয়নে অবদান রাখছেন।
প্রতিবেদন - সৌম্য প্রামানিক
