সুরশুনিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবাদের জন্য প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি
গত ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহযোগিতায় সুরশুনিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবাদের নিয়ে প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি সেমিনার।
এই সেমিনারের মূলসুর ছিল, “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়”। এতে সুরশুনিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ১৩১ জন যুবক যুবতী অংশগ্রহণ করে।
এই সেমিনারের আয়োজনের মূল উদ্দেশ্য হলো যুব সমাজকে আধ্যাত্মিক জীবনে আরও শক্তিশালী হওয়ার আহ্বান করা।
অনুষ্ঠানের সূচনা হয় ক্রুশ অর্চনার মাধ্যমে। এতে যুবক-যুবতীদের জন্য আয়োজিত বিশেষ পাপস্বীকার অনুষ্ঠানে অনেকেই অংশ নিয়ে নিজেদের আত্মশুদ্ধি করেন।
এরপরে রাতের অধিবেশনে ছিলো যিশু খ্রিষ্টের যাতনাভোগের ওপর নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শন যা উপস্থিত সবার মনে গভীর ভাবাবেগের সৃষ্টি করে।
দ্বিতীয় দিন সকালের প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সুরশুনিপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন।
দিনের প্রথম ভাগে ফাদার সাগর তপ্ন যুবদের মন পরিবর্তনের ওপর একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। এরপর ভক্তিভরে ‘ক্রুশের পথ’ সাধনা করা হয়।
এছাড়াও মি. বেনেডিক্ট মুর্মু যুবদের বাস্তব জীবন ও আধ্যাত্মিকতার মেলবন্ধন নিয়ে একটি অনুপ্রেরণামূলক আলোচনা করেন।
পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রদীপ যোসেফ কস্তা, তাঁর সাথে সহ-উৎসর্গকারী হিসেবে উপস্থিত ছিলেন ফাদার শ্যামল জেমস গোমেজ ও ফাদার সাগর তপ্ন।
খ্রিষ্টযাগের উপদেশ বাণীতে ফাদার শ্যামল জেমস গোমেজ বর্তমান প্রজন্মের জন্য আদর্শ হিসেবে নতুন সাধু কার্লো আকুতিস-এর জীবন দর্শন তুলে ধরেন।
তিনি বলেন, “কীভাবে একজন আধুনিক যুবক হয়েও ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে ঈশ্বরভক্তি ও সেবার পথে চলা সম্ভব, কার্লো আকুতিস তার উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি উপস্থিত সকল যুবক-যুবতীদের সেই পবিত্রতা ও ত্যাগের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
আধ্যাত্মিক কর্মসূচির পাশাপাশি ছিল বিনোদন ও মেধা যাচাইয়ের ব্যবস্থা। খ্রিষ্টযাগ শেষে বাইবেল ভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই সেমিনারের আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, “এই ধরনের কর্মসূচি বর্তমান সময়ে তরুণ প্রজন্মের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।”
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার শ্যামল জেমস গোমেজ