সুরশুনিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খুকি মারীয়ার জন্মোৎসব পর্ব

সুরশুনিপাড়া প্রভূ নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খুকি মারীয়ার জন্মোৎসব পর্ব

গত ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সুরশুনিপাড়া প্রভূ নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খুকি মারীয়ার জন্মোৎসব পর্ব।

সারা বিশ্বে কর্মরত সিস্টারস্ অফ চ্যারিটি বা মারীয়া বাম্বিনা সিস্টারদের এবং সকল শিশুদের মঙ্গল কমানায় খ্রীষ্টযাগে বিশেষ প্রার্থনা করা হয়। এতে ৪জন সিস্টার সহ প্রায় ১০২জন খ্রীষ্টভক্ত অংশগ্রহণ করেন।

কুমারী মারীয়ার জন্মোৎসব পালনের আধ্যাত্মিক প্রস্তুতির অংশ হিসেবে নয় দিনের বিশেষ নভেনা প্রার্থনা করা হয়।  পর্বোৎসবের আগের দিন সকল খ্রিস্টভক্তদের জন্য পাপস্বীকার সংস্কার গ্রহণের ব্যবস্থা করা হয়।

খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা এবং বাণী সহভাগিতা করেন ফাদার উত্তম রোজারিও।

খ্রীষ্টযাগের উপদেশ বাণীতে ফাদার উত্তম রোজারিও বলেন, “ঈশ্বরের পরিকল্পনাতেই সাধ্বী আন্না ও সাধু যোয়াকিমের ঘরে ধন্যা কুমারী মারীয়া জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীতে হয়ে উঠেন ঈশ্বরের বাধ্য সেবিকা। তাঁর মধ্যস্থতায় আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করি।”

খ্রীষ্টযাগের পর ধর্মপল্লীতে কর্মরত মারীয়া বাম্বিনা সিস্টারদের ফুল দিয়ে পর্বীয় শুভেচ্ছা প্রদান করা হয় এবং সিস্টারদের উদ্যোগে খ্রীষ্টযাগে অংশগ্রহণকারী সবাইকে আশীর্বাদিত বিস্কুট প্রদান করা হয়।

সিস্টার লুসি, এসসি মারীয়ার জন্মোৎসব উপলক্ষ্যে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের সিস্টারস্ অফ চ্যারিটি সম্প্রদায়ে খুকি মারীয়ার প্রতি বিশেষ ভক্তি প্রদর্শন করা হয়। তাই আমাদের মারীয়া বাম্বিনা সিস্টার নামে ডাকা হয়। আজ মা মারীয়ার জন্মোৎসবের এই বিশেষ দিনে আমি সকল ফাদার, সিস্টার ও খ্রীষ্টভক্তদের জন্য খুকি মারীয়ার মধ্যস্থতায় ঐশ আশীর্বাদ চাই।”

পর্বে অংশগ্রহনকারী সুব্রত হাাঁসদা বলেন, “মা মারীয়া আমাদের সবার মা। আমি সব সময় মা মারীয়ার কাছে প্রার্থনা করি এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। আজ মা মারীয়ার জন্মদিনে আমি মা মারীয়ার মধ্য দিয়ে আমাদের সবার জন্য ঈশ্বরের আশীর্বাদ চেয়ে প্রার্থনা করেছি।”

অংশগ্রহনকারী মারীয়া মুর্মু বলেন, “আজ মা মারীয়ার জন্মোৎসব উপলক্ষ্যে আমার মন আনন্দে পূর্ণ। খ্রীষ্টযাগে আমি আজ সবার জন্য ঐশকৃপা যাচনা করেছি।” -  গনেশ মিন্জ

Bengali pop up image