বরিশাল ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো মন্সিনিয়র লাজারুস গোমেজের পোশাক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান
গত ১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বরিশাল ক্যাথলিক ধর্মপ্রদেশের অন্তর্গত ক্যাথিড্রাল ধর্মপল্লীতে মহাখ্রিস্টযাগের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো মন্সিনিয়র লাজারুস গোমেজের পোশাক প্রদান অনুষ্ঠান।
এ মহাখ্রিস্টযাগের পৌরহিত্য করেন বরিশাল ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও। পোপ কর্তৃক প্রেরনকৃত পত্র পাঠ, পোশাক প্রদান অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রেরণ, যোজন কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন হয়।
এরপর মন্সিনিয়রকে সংবর্ধনা প্রদান করা হয়। বরিশাল ক্যাথলিক ধর্মপ্রদেশ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভাটিক্যান রাষ্ট্রদূতের সেক্রেটারী, সহকারী হলিক্রস প্রভিন্সিয়াল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরএনডিএম সিস্টারদের প্রভিন্সিয়াল, এলএইচসি সিস্টারদের সুপিরিয়র জেনারেল, ডাইওসিসের সকল ফাদারগণ, ব্রাদারগণ এবং ধর্মপ্রদেশের সকল ধর্মপল্লী থেকে আমন্ত্রিত-নিমন্ত্রিত খ্রীষ্টভক্তগণ সহ মোট প্রায় ৪৫০ জন খ্রীষ্টযাগে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, গত ৯ জুন পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও বরিশাল ধর্মপ্রদেশের ফাদার লাজারুস কানু গোমেজকে মন্সিনিয়র পদে সম্মানিত করেছেন। আমরা তার জন্য ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কামনা করি।
মন্সিনিয়র (Monsignor) উপাধীর অর্থ হলো ক্যাথলিক মণ্ডলীতে পুরোহিতদের জন্য দেওয়া একটি সম্মানসূচক উপাধী, যা পোপ কর্তৃক প্রদত্ত এবং এটি তাদের উচ্চ মর্যাদা ও বিশেষ দায়িত্বকে নির্দেশ করে।
ইতালীয় শব্দ 'Monsignore' থেকে এসেছে যার অর্থ (my lord) "আমার প্রভু" বা "মহাশয়"। এটি একটি গির্জার প্রশাসনের মধ্যে থাকা পুরোহিতদের জন্য একটি সম্মানসূচক স্বীকৃতি।
একজন খ্রিস্টভক্ত তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “নবনিযুক্ত মুন্সিনিয়রকে সর্বশক্তিমান ঈশ্বর সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও পবিত্রতায় পরিপূর্ণ রাখুন এবং তাঁর যাজকীয় সেবাকে আরও ফলপ্রসূ ও আশীর্বাদময় করুন।”
তিনি আরো বলেন, “তাঁর জীবন ও কর্মের মাধ্যমে যেন ঈশ্বরের মহিমা আরও বিকশিত হয় এবং তিনি দীর্ঘদিন ধরে বিশ্বাসী জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন।”
আমরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। - লিটন আরিন্দা