নবাই বটতলা ধর্মপল্লীতে মাসব্যাপি গ্রাম ঘুরে অনুষ্ঠিত হলো রোজারি মালা প্রার্থনা অনুষ্ঠান
গত ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা রক্ষাকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে মাসব্যাপি গ্রাম ঘুরে অনুষ্ঠিত হলো রোজারি মালা প্রার্থনা অনুষ্ঠান।
এই মে মাসে রোজারি মালা প্রার্থনা অনুষ্ঠানের মূলসুর ছিল “এসো মায়ের পদাঙ্ক অনুসরণে এগিয়ে যাই স্বর্গপানে”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৩৭০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পুরো মে মাসব্যাপী বাড়ি বাড়ি, ব্লকে ব্লকে ও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই রোজারি মালা প্রার্থনা করার মধ্য দিয়ে মায়ের প্রতি বিশেষ ভক্তি ও সম্মান প্রদর্শন করা হয়।
ধর্মপল্লীর পার পুরোহিত ফাদার স্বপন মার্টিন বলেন, “আজ যদিও খ্রিস্টমন্ডলীতে পরম পবিত্র ত্রিত্ত্বের মহাপর্ব উদযাপন করা হয় তবুও উক্ত পর্বটিকে অধিক প্রাধান্য দিয়েই সেই সঙ্গে মে মাসের অর্থাৎ মা মারীয়ার মাসের সমাপ্তি অনুষ্ঠানটি শোভাযাত্রার মাধ্যমে করা হয়।”
অনুষ্ঠান সূচীতে ছিলো পবিত্র খ্রিস্টযাগ, মা-মারিয়াকে নিয়ে শোভাযাত্রা, রোজারিমালা প্রার্থনা, পবিত্র বাইবেল হতে পাঁচটি বাণীপাঠ (যা প্রতিটি নিগুরতত্ত্বের পর পর একটি করে করা হয়) এবং মা মারীয়ার চরণে ভক্তি প্রদর্শন সহ দান উৎসর্গ করেন মা মারীয়া সংঘের ভগিনীগণ।
অন্তরে ভক্তি ও গভীর বিশ্বাস নিয়ে এই দিন ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ মায়ের মধ্যস্থতায় আশীর্বাদ লাভ করছেন। পরিশেষে পাল পুরোহিতের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
নবাই বটতলা রক্ষাকারিণী মা মারীয়ার ধর্মপল্লী বাংলাদেশ মণ্ডলীর জন্য একটি আশীর্বাদ কারণ এটি একটি মা মারীয়ার তীর্থস্থান।
প্রতি বছর দূর-দুরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও খ্রিস্টভক্ত এসে মিলিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন এবং মাতা মারীয়ার নিকট তাদের বিশ্বাসের মানত ও প্রার্থনা নিবেদন করেন।- ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন