নটর ডেম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “সিএসই ফেস্ট”
গত ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ, প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতার মিলনে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শেষ হলো তিন দিনব্যাপী “এনডিইউবি সিএসই ফেস্ট”।
দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রযুক্তিপ্রেমীদের প্রাণবন্ত ৮৬টি বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় জ্ঞান, প্রতিযোগিতা ও উৎসবের এক অনন্য মিলনমেলায়।
এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি।
বক্তব্য প্রদানকালে ড. কায়কোবাদ বলেন, “নটর ডেম কলেজের গৌরবময় ঐতিহ্য অনুসরণ করে এনডিইউবিও প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল অবস্থান তৈরি করছে।”
তিনি আরো বলেন, “শারীরিক শক্তির সীমাবদ্ধতা থাকলেও মেধাশক্তির বিকাশের কোনো সীমা নেই। জ্ঞানচর্চা, অনুশীলন ও সৃজনশীলতার মাধ্যমে মেধাশক্তিকে আরো সমৃদ্ধ করা সম্ভব। এসময় তিনি দেশের উন্নয়নে শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তি বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।”
ফাদার প্যাট্রিক তার বক্তব্যে আধুনিক বিশ্বে সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন বলেন, “প্রযুক্তির অগ্রগতির ফলে মহাকাশ ও চাঁদ নিয়েও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের তিনি কম্পিউটারকে শুধু একটি যন্ত্র হিসেবে নয়, বরং কল্পনা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, ডিন অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী, সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলাম, প্রোগ্রাম আহ্বায়ক মোঃ খোরশেদ আলমসহ বিভিন্ন প্রতিযোগিতার বিচারকবৃন্দ।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়। র্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক, উপ-উপাচার্য ফাদার চার্লস এবং রেজিস্ট্রার ব্রাদার সুবলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দ্বিতীয়দিন শুক্রবার (১৫ মে ২০২৬) বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় “ইন্টার কলেজ স্টেম অলিম্পিয়াড। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক, উপ-উপাচার্য ফাদার চার্লস, রেজিস্ট্রার ব্রাদার সুবলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে নটর ডেম কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। চতুর্থ স্থান অধিকার করে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।
পরিশেষে ১৬ মে ২০২৬, অনুষ্ঠিত হয় উৎসবের মূল আকর্ষণ ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি)। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮৬টি দল অংশগ্রহণ করে। এতে সেরা সাতটি দলকে পুরস্কৃত করা হয়।
এরমধ্যে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট আগডুম), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট সুপারনোভা) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট গডফাদার্স)।
একইদিনে অনুষ্ঠিত হয় “কোডের গণ্ডি পেরিয়ে: নৈতিকতা, যুক্তিবোধ ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং” শীর্ষক সেমিনার। এতে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. ফারজানা আলম, সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার মনজুর, এনডিইউবির ডিন অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস।
সমাপনী অনুষ্ঠানে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টসহ সিএসসি ফেস্টের সকল প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। - এনডিইউবি