শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় এনডিইবি উপাচার্য ফাদার প্যাট্রিকের অবদানকে স্মরণ
গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর প্রাঙ্গণে আয়োজন করা হয় উপাচার্য হিসেবে তাঁর দায়িত্বকাল শেষ হওয়া উপলক্ষে অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি’র বিশেষ কৃতজ্ঞতা ও বিদায়ী অনুষ্ঠান।
নেতৃত্ব কেবল পদমর্যাদায় নয়; বরং মূল্যবোধ ধারণ, মানুষের জীবনে প্রভাব রাখা এবং যোগ্য ও দায়িত্বশীল উত্তরসূরী রেখে যাওয়ার মধ্যেই এর প্রকৃত সার্থকতা।
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি-এর পথচলা এমনই স্বার্থক নেতৃত্বের প্রতিচ্ছবি যা শিক্ষা, সেবা, বিশ্বাস ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ।
ফাদার প্যাট্রিকের নেতৃত্ব, অবদান ও দীর্ঘ পথচলার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় বিশ্ববিদ্যালয় পরিবার। শুরুতে শিক্ষার্থীদের শোভাযাত্রার মাধ্যমে উপাচার্যকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়।
এতে শিক্ষার্থীরা শুভেচ্ছা ও বিদায়বার্তা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। পরে উপাচার্যের নেতৃত্ব ও সেবার স্মারকস্বরূপ ‘লিগ্যাসি ওয়াল’ উদ্বোধন করা হয়। মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের পাবলিক রিলেশনস অফিস নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে ফাদার প্যাট্রিকের জীবনকর্ম, মূল্যবোধ ও বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদান তুলে ধরা হয়।
এছাড়া সম্মাননা স্মারক, আদিবাসী নৃত্য, স্মারক উপহার, প্রতীকি মোমবাতি প্রদর্শন, দলীয় সঙ্গীত এবং বক্তব্যের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
বিদায়ী বক্তব্যে ফাদার প্যাট্রিক বলেন, “এমন ভালোবাসাপূর্ণ বিদায়ে তিনি ‘সত্যিই অভিভূত’। এসময় তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
“বক্তব্যের এক পর্যায়ে তিনি যোগাযোগের গুরুত্ব ও মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কথার শক্তির কথা তুলে ধরেন। প্রাচীন গ্রিক পুরাণের ‘থ্রি গ্রেসেস’- আগলাইয়া, ইউফ্রোসিনি ও থালিয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি সৌন্দর্য, আনন্দ ও সৌজন্যের সঙ্গে মানুষের সঙ্গে আচরণ করার গুরুত্ব ব্যাখ্যা করেন।”
তিনি পরিবর্তনকে গ্রহণ করার সাহস, আত্মবিশ্বাস, পারস্পরিক সহযোগিতা, ভাগাভাগি এবং একে অন্যের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, “নটর ডেম বিশ্ববিদ্যালয়ে পারস্পরিক সহযোগিতা ও পরিবারের মতো একসঙ্গে থাকার যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটিই বিশ্ববিদ্যালয়ের অন্যতম শক্তি।”
এর আগে, উদ্বোধনী বক্তব্য প্রদানকালে ফাদার চার্লস ফাদার প্যাট্রিকের সরলতা, ধৈর্য, শৃঙ্খলা ও যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার গুণের প্রশংসা করেন। রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি ফাদার প্যাট্রিকের জ্ঞান ও প্রজ্ঞার বর্ণনা দিতে গিয়ে বাইবেলে বর্ণিত রাজা সলোমনের জ্ঞান ও প্রজ্ঞার উপমা তুলে ধরেন।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে ফাদার প্যাট্রিকের সম্মানে আরও একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে বক্তব্য, অনুভূতি প্রকাশ, মানপত্র পাঠ ও দলীয় সঙ্গীতের মাধ্যমে বিদায়ী উপাচার্যের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করা হয়। পরে দলীয় ছবি ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। - প্রেস রিলিজ
