রাজশাহী ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন হৃদয় মাইকেল পিউরীফিকেশন ও মিঠুন সামুয়েল গমেজ’র যাজকীয় অভিষেক
গত ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের উওম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন হৃদয় মাইকেল পিউরীফিকেশন ও মিঠুন সামুয়েল গমেজ’র যাজকীয় অভিষেক।
এ অভিষেক অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিওসহ আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ পল গমেজ এবং বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত ফাদার, ব্রাদার, সিস্টার, ডিকন ও খ্রিস্টভক্তগণ।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ জের্ভাস রোজারিও বলেন, “যাজকীয় অভিষেকের মধ্য দিয়ে কেউ ক্ষমতা বা পদ লাভ করে না বরং যাজকীয় অভিষেক সংস্কার হচ্ছে সেবার দায়িত্বলাভ।”
তিনি আরও বলেন, “যিশু খ্রিস্টের জীবন ও আদর্শ অনুসরণ করে একজন যাজককে ভালোবাসা, বিনয়, ত্যাগ, ক্ষমা ও সেবার মধ্য দিয়ে জীবন পরিচালনা করতে হয়।”
“একজন যাজক হলেন ঈশ্বরের জনগণের রাখাল। তাঁকে মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে এবং বিশেষভাবে দরিদ্র, অসহায়, অবহেলিত ও সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে হবে। যাজকের জীবন যেন তাঁর প্রচারিত সুসমাচারের জীবন্ত সাক্ষ্য হয়ে ওঠে। মানুষ যেন তাঁর কথা ও কাজের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের ভালোবাসা অনুভব করতে পারে,” বলেন বিশপ রোজারিও।
অভিষেক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে অভিষেকপ্রার্থীদের জন্য বিশেষ প্রার্থনা, সাধু-সাধ্বীদের লিতানি, বিশপের হাত রেখে প্রার্থনা, যাজকীয় পোশাক পরিধান এবং অভিষেকের পবিত্র তেল লেপনের মধ্য দিয়ে তাঁদের যাজকীয় দায়িত্বে প্রতিষ্ঠিত করা হয়। উপস্থিত যাজকগণ নবাভিষিক্তদের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবাভিষিক্ত যাজকদ্বয় তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজকে আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের দিন ও ঈশ্বরের আশীর্বাদ লাভের দিন। ঈশ্বরকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাঁর অসীম উদারতার জন্য। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন প্রতিদিন যাজকীয় যজ্ঞ নিবেদনের মধ্য দিয়ে আমরা ভালো যাজক হয়ে উঠতে পারি।”
মথুরাপুর ধর্মপল্লীর খ্রিস্টভক্ত যোসেফ গমেজ তাঁর মনের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ আমাদের ধর্মপ্রদেশের জন্য এক বিশেষ আশীর্বাদের দিন কারণ আজকে আমরা দুই জন নতুন যাজককে পেয়েছি। আমি বিশ্বাস করি তাঁদের যাজকীয় জীবনের মধ্য দিয়ে খ্রিস্টের সুসমাচার প্রচার, মণ্ডলীর ঐক্য প্রতিষ্ঠা এবং মানবসেবার কাজ আরও গতিশীল হবে।”
বোর্ণী ধর্মপল্লীর খ্রিস্টভক্ত মারিয়া পিউরীফিকেশন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “নব অভিষিক্ত যাজকদের জন্য অনেক অনেক আশির্বাদ ও প্রার্থনা রইল, তারা যেন ঐশ প্রজ্ঞা, জ্ঞান ও শক্তিতে বলিয়ান হয় এবং নিষ্ঠার সঙ্গে পবিত্র থেকে ঈশ্বর, মণ্ডলী ও মানব সেবা করে যেতে পারে আমি সেই প্রত্যাশা করি।”
একজন যাজকের ক্ষমতা তাঁর হৃদয়ে, জনগণের হৃদয় জয় করতে পারলেই তার আনন্দ। একজন অভিষিক্ত যাজক মানুষকে আধ্যাত্মিক পথ দেখানোর মাধ্যমে স্বর্গের পথ দেখান। তিনি নিজে পবিত্র থেকে মানুষকে পবিত্রতার পথে চালিত করেন। তাই মণ্ডলীতে যাজকদের প্রয়োজনীয়তা অপরিসীম। - আরভিএ সংবাদ
