রাজশাহী ধর্মপ্রদেশে উদযাপিত হলো নিবেদিত জীবন দিবস
গত ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে উদযাপিত হলো নিবেদিত জীবন দিবস।
এই বছর নিবেদিত জীবন দিবসের মূলসুর ছিল, “নিবেদিত জীবনে আনন্দপূর্ণ সেবায় অংশগ্রহণ”। এতে রাজশাহী ধর্মপ্রদেশে সেবাদানরত বিশপ, ফাদার, সিস্টার এবং ব্রাদারদের অংশগ্রহণে প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন।
এই প্রোগ্রামের শুরুতেই কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া শুভেচ্ছা বক্তব্যে বলেন, “যাজক-ব্রতধারী-ব্রতধারীনিদের জীবন যতবেশি আনন্দময় হবে সেবার জীবন ততবেশি জীবন্ত-প্রাণবন্ত ও অর্থপূর্ণ হবে।”
মূলসুরের উপর সহভাগিতায় রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, “সাধু-সাধ্বীদের জীবনের বিভিন্ন উক্তি তুলে ধরে তিনি বলেন কিভাবে আমরা আরও বেশি আনন্দপূর্ণ সেবায় অংশগ্রহণ করতে পারবো।”
তিনি আরো বলেন, “সেবার জীবনে আরও বেশি খ্রিস্টের মতো আত্মত্যাগী হয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের জীবনে গভীর ত্যাগস্বীকারের মাধ্যমে অন্যের জীবনে আনন্দ বয়ে নিয়ে যাওয়া মানেই হলো নিবেদিত জীবনে সেবায় আনন্দপূর্ণ অংশগ্রহণ।”
বিশপ জের্ভাস রোজারিও দিনের তাৎপর্য তুলে ধরে বলেন, “নিবেদিত জীবনে আমাদের Comfort Zone থেকে বেরিয়ে এসে আরও পরিশ্রমী, উদ্দ্যোমী, গভীর মনযোগী হতে হবে।”
“প্রয়োজনে মানুষের জীবনের গভীরে প্রবেশ করে তাদের জীবনকে আরও খ্রিস্টময় ও আলোকিত করতে হবে। আনন্দপূর্ণ সেবার মাধ্যমে মানুষের জীবনকে আরও আনন্দময় করে তুলতে হবে,” বলেন বিশপ রোজারিও।
এই বিশেষ দিনে পরস্পরকে ফুলের মধ্য দিয়ে শুভেচ্ছা প্রদান করার মাধ্যমে পরস্পরের নিবেদিত জীবন যেন আরও সুন্দর হয়, প্রার্থনাপূর্ণ হয়, অংশগ্রহণপূর্ণ হয় এবং প্রভু যীশুর দয়া রূপ হয় সেই প্রার্থনা করা হয়।
পরিশেষে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ ও কমিশনের আহ্বায়কের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে নিবেদিত জীবন দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন