মুণ্ডুমালা সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লীতে পালিত হলো বিশ্ব রোগী দিবস
গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লীতে পালিত হলো বিশ্ব রোগী দিবস।
এই দিবসে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত রোগীদের জন্য বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বার্নাড টুডু ও ফাদার উজ্জ্বল গমেজ।
উল্লেখ্য, খ্রিস্টযাগের পূর্বে রোগীদের জন্য পাপস্বীকার সংস্কারের আয়োজন ছিলো। খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার বার্নাড টুডু বলেন, “সকল রোগীর চিকিৎসা ও সেবা পাওয়ার অধিকার আছে। তাই পরিবারের সদস্যদের প্রতি রোগীদের যত্নশীল হওয়া দরকার।”
তিনি আরো বলেন, “রোগীর যত্ন করা মানে যিশুর কাজে অংশগ্রহণ করা। প্রভু যিশু রোগীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি তাদের সুস্থ করে তুলতেন। তাই যিশুর কাছে বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে হবে।”
প্রতিদিন কোটি কোটি মানুষ বিশ্বজুড়ে হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ করেন। তবে দুঃখজনক হলেও এই কথা সত্য, চিকিৎসার সময় অসাবধানতা, ভুল ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে বহু রোগী অপ্রয়োজনীয় ঝুঁকির সম্মুখীন হন। তাই রোগীদের প্রতি আমাদের আরো বেশি যত্নশীল হতে হবে।
বিশ্ব রোগী দিবস আমাদের মনে করিয়ে দেয়, যে রোগী-কেন্দ্রিক সেবা শুধু কর্তব্য নয়, বরং মানবিক ও সামাজিক দায়িত্বও। এককভাবে নয়, সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমে আমরা রোগী নিরাপত্তা নিশ্চিত করতে পারি, যা স্বাস্থ্যসেবার বিশ্বাসযোগ্যতা ও মান উন্নয়নের মূল চাবিকাঠি।
এদিন প্রত্যেকজন রোগীকে রোগীলেপন সাক্রামেন্ত প্রদান করা হয় এবং তাদের কল্যাণে প্রার্থনা করা হয়। - ফাদার উজ্জ্বল গমেজ