ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস
গত ৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস এবং ‘জাতীয় সমবায় পুরষ্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠান।
এই বছর দিবসটির মূলসুর ছিল, “করবো সমবায়, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ”। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ইসলাম আহমেদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব একেএম সেলিম রেজা হাবিব, এমপি।
অনুষ্ঠানে সারাদেশের সমবায় সমিতিগুলোর অর্জন ও দেশের অর্থনীতিতে তাদের ভুমিকার ওপর একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাক ক্রেডিট)’র বৃহত্তম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি: স্থান পায়।
সমবায় দিবসে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে একটি স্টল স্থাপন করা হয় যেখানে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্প ও প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
প্রধান অতিথি বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, “সমবায়ের মাধ্যমে বেশ কয়েকটি সমিতি অত্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছে এবং তাদের বাস্তবমুখী কাজ সত্যিই প্রশংসনীয়। তবে কিছু প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিপণণ ও বাজারজাতকরণে এখনও বড় ধরণের সমস্যা রয়েছে।”
তিনি আরো বলেন, “সমবায় অধিদপ্তর এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারে। বিশেষ করে পণ্য বাজারজাতকরণের সুবিধার্থে সমবায়ভিত্তিক সমন্বিত কমিটি গঠন করা যেতে পারে, যা সরাসরি উদ্যোক্তাদের সহায়তা করবে।”
তিনি ৭ নভেম্বরের চেতনা ও সমাবেশে তারেক রহমানের দিকনির্দেশনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুস সালাম বলেন, “বিগত পাঁচ দশকে বাংলাদেশে সমবায় খাত যতটুকু বিকশিত হওয়ার কথা ছিল, ততটুকু বিকশিত হয়েছে বলে আমার মনে হয় না।”
তিনি আরও বলেন, “তবে বর্তমান গণতান্ত্রিক সরকার সমবায় আন্দোলনের অন্তর্নিহিত শক্তিকে ব্যবহার করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার লক্ষ্যে যথাযথ মনোযোগ প্রদান করবে। কারণ দেশের সমবায় খাত একটি সুপ্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক খাত, যেখানে দেড় লাখেরও বেশি সমবায় সমিতি রয়েছে এবং প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষ সরাসরি সম্পৃক্ত।”
অন্যান্য বক্তারা উল্লেখ করেন, শিল্প, দক্ষতা উন্নয়ন থেকে শুরু করে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি, নতুন শক্তির বিকাশ ও আধুনিক নাগরিক সেবায় সমবায় এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করছে।
ব্যক্তিপর্যায়ের এসব উদ্যোগকে সম্মিলিত শক্তিতে রূপ দেওয়াই সমবায়ের মূল উদ্দেশ্য। দারিদ্র্য বিমোচন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো সমবায় আন্দোলন।
পরে প্রধান অতিথি কৃষি, মৎস্য, সঞ্চয় ও ঋণদানসহ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ সমবায় সমিতিগুলোর মাঝে ‘জাতীয় সমবায় পুরষ্কার ২০২৫ প্রদান করেন। পুরষ্কার হিসেবে সমবায়ীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নির্দিষ্ট অর্থের চেক তুলে দেওয়া হয়। - ডিসিনিউজ
