রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে উদযাপিত হলো সাধু ভিনসেন্ট ডি’পলের পর্বদিবস
গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে উদযাপিত হলো সাধু ভিনসেন্ট ডি’পলের পর্বদিবস।
এ পর্ব উপলক্ষে আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ নয়দিনব্যাপী নভেনায় অংশগ্রহণ ও পাপস্বীকার সংস্কার গ্রহণ করেন সাধু ভিনসেন্ট ডি’পলের সদস্যাগণ।
পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সুশান্ত ডি’কস্তা। তিনি তার উপদেশ বাণীতে সাধু ভিনসেন্ট ডি’পলের সংক্ষিপ্ত জীবনী এবং সেবাকাজের কথা তুলে ধরেন।
ফাদার বলেন, “যারা সাধু ভিনসেন্ট ডি’পল সংঘের সাথে যুক্ত আছেন তাদের প্রধান দায়িত্ব হলো বিশ্বস্তভাবে এ সংঘের নিয়ম-নীতি পালন করা, দরিদ্র, অসহায় ও অবহেলিতদের পাশে দাঁড়ানো।”
খ্রিস্টযাগ শেষে সংঘের কার্যক্রম সম্পর্কে আলোচনা এবং একজন নতুন সদস্যকে সংঘের সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। এই পর্বদিনে সাধু ভিনসেন্ট ডি’পলের ৩২ জন সদস্যা উপস্থিত ছিলেন। পরিশেষে খেলাধুলা, নাচ-গান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সাধু ভিনসেন্ট ডি’পলের জন্ম ২৪ এপ্রিল ১৫৮১ সালে ফ্রান্সের ড্যাক্স শহরের কাছে। তিনি ছিলেন একজন ফরাসি ক্যাথলিক যাজক যিনি দীন-দুঃখী ও আর্তমানবতার সেবায় তাঁর পুরো জীবন উৎসর্গ করেছিলেন, এজন্য তাকে “দরিদ্রদের পিতা” বলা হয়।
তিনি আজীবন কারাবন্দি, অসুস্থ ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করেছেন। যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষের জন্য ত্রাণকার্য পরিচালনা করেন। পরে তিনি ২৭ সেপ্টেম্বর ১৬৬০ সালে মৃত্যুবরন করেন। - ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস
