মুণ্ডমালা ধর্মপল্লীর প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নী’র পর্ব দিবস উদযাপন
গত ৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মুণ্ডমালা ধর্মপল্লীর প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নী’র পর্ব দিবস উদযাপন করা হয়।
একই দিনে ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের প্রায় ৬৫ জন ছেলেমেয়েকে হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান করা হয়।
এ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, অন্যান্য ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তগণ। খ্রিস্টযাগের পূর্বে বিশপ ও ফাদারগণকে সাঁন্তালী দারামের মাধ্যমে বরণ করা হয়।
পর্বীয় খ্রিস্টযাগে সাধু জন মেরী ভিয়ান্নীর নয়টি গুনাবলীর আলোকে ৯টি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ জের্ভাস সাধু জন মেরী ভিয়ান্নীর বিভিন্ন গুণের কথা তুলে ধরে বলেন, “সাধু জন মেরী ভিয়ান্নী প্রার্থনার মাধ্যমে হাজার হাজার মানুষের মন পরিবর্তন করেছেন। তেমনি আমাদেরও মন পরিবর্তন করা দরকার। তাই বিশপ সাধু জন মেরী ভিয়ান্নীর কাছে বেশী করে প্রার্থনা করার আহ্বান জানান।”
তিনি ছেলে-মেয়েদের উদ্দেশ্য বলেন, “আজকের এই দিনে তোমরা যে বিশ্বাস ও আকাঙ্খা নিয়ে পবিত্র আত্মাকে গ্রহণ করেছ, সেই বিশ্বাস ও আকাঙ্খা যেন সারাজীবন ধরে রাখতে পারো।”
খ্রিস্টযাগের পর ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আন্তন হেম্ব্রম। পাল-পুরোহিতের অনুপস্থিতিতে সহকারী পাল-পুরোহিত ফাদার উজ্জ্বল গমেজ ধর্মপল্লীর সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। - ফাদার উজ্জ্বল সি. গমেজ
