বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মার্টিন রড্রিক্স এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনেক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে দীর্ঘদিনের বিশ্বস্ত, নিবেদিতপ্রাণ ও শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষকের এই বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বোর্নী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার দিলীপ এস. কস্তা।
দিনের শুরুতে সম্মানিত স্যার ও তাঁর পরিবারের সদস্যদের যথাক্রমে ফুলের মালা পরিয়ে ও ফুলের তোড়া প্রদান করে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বরণ করে মঞ্চে নিয়ে যাওয়া হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও আসন গ্রহণের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও বলেন, “সুদীর্ঘ ৩৯ বছর ৬ মাস ৬ দিন সম্মানিত মার্টিন রড্রিক্স স্যার সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সেবা দিয়ে অবসর গ্রহণ করেছেন।”
“তাঁর এই অবদানের জন্য আজ আমরা তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করি,” বলেন ফাদার রোজারিও।
স্বাগত বক্তব্য ও মনোজ্ঞ উদ্বোধনী নৃত্যের পর সভাপতির বক্তব্যে ফাদার বাবলু কোড়াইয়া বলেন, “মার্টিন রড্রিক্স স্যারের অবদানের কথা আমরা কেউ কোনোদিন ভুলব না। তিনি সব সময় বিশ্বস্ততার সাথে শিক্ষার্থীদের কল্যাণে সেবা দায়িত্ব পালন করেছেন।”
প্রধান অতিথি ফাদার দিলীপ এস. কস্তা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “শ্রদ্ধেয় মার্টিন স্যার শিক্ষকতা পেশাকে ভালোবেসে তাঁর পুরো জীবন নিবেদন করেছেন। সুন্দর পরিবার গঠনের পাশাপাশি তিনি পরিবার, সমাজ, স্কুল ও ধর্মপল্লীতে সারা জীবন বহু সেবা দিয়ে গেছেন।”
নিজের অনুভূতি প্রকাশ করে আবেগাপ্লুত বিদায়ী শিক্ষক মার্টিন রড্রিক্স বলেন, “দীর্ঘ ৩৯ বছরেরও বেশি সময় এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। আপনারা আমাকে যে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ; আপনাদের সবার উত্তরোত্তর সাফল্য ও প্রার্থনা কামনা করি।”
বক্তব্য পর্ব শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদায়ী গান পরিবেশন করা হয় এবং মার্টিন স্যারের হাতে প্রীতি উপহার ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। - সিস্টার রুলিতা খালকো, এসসি
