বোর্ণী শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দম্পতি সেমিনার
গত ৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশন এবং বোর্ণী ধর্মপল্লীর যৌথ উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দম্পতি সেমিনার।
এ দম্পতি সেমিনারের মূলসুর ছিল “খ্রিস্টবিশ্বাসে আমরা প্রেরিত: মঙ্গলসমাচার প্রচারে পরিবারের ভূমিকা”। এতে ধর্মপল্লী থেকে আগত প্রায় ৩২২ জন অংশগ্রহণকারী অংশগহণ করেন।
প্রথমেই প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া।
এ সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশনের আহ্বায়ক ফাদার প্রদীপ কস্তা এবং মিসেস সন্ধ্যা পিরিচ।
ফাদার প্রদীপ কস্তা বলেন, “বিবাহ একটি ঐশ্বরিক আহ্বান। এই আহ্বানে সাড়া দিয়ে নারী ও পুরুষ তাদের দাম্পত্য জীবন শুরু করে। তাই সংসার জীবনে সর্বদা ঈশ্বরের ওপর নির্ভরশীল থাকতে হবে।”
অন্যদিকে মিসেস সন্ধ্যা পিরিচ তার বক্তব্যে আদর্শ পরিবার গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদেরকে যীশু, মারীয়া ও যোসেফের পবিত্র পরিবারের আদর্শে পরিবার গড়ে তুলতে হবে। সংসারে যত চ্যালেঞ্জই আসুক না কেন, তা সাহসের সাথে মোকাবেলা করে সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পিতা-মাতার।”
এছাড়াও অনুষ্ঠানে ফাদার সুরেশ পিউরীফিকেশন এবং মিসেস লাভলী ও মিস্টার মার্টিন দম্পতি সুন্দর ও আদর্শ পরিবার গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তাদের মূল্যবান বক্তব্যের পাশাপাশি দলীয় আলোচনা এবং উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন।
পরিশেষে, পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনব্যাপী এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। - রনি রোজারিও
