লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী বনপাড়াতে অনুষ্ঠিত হলো সুরক্ষা বিষয়ক সেমিনার

বনপাড়া লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবাদের নিয়ে সুরক্ষা বিষয়ক সেমিনার

গত ১১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবাদের নিয়ে সুরক্ষা বিষয়ক সেমিনার।

এই সেমিনারের মূলসুর ছিল, “যুবপ্রাণ ও সুরক্ষিত জীবন”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০৪জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। 

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার শ্যামল জেমস্ গমেজ।  খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার বলেন, “ঈশ্বর জীবন ও সুরক্ষা দুটোই সুন্দরভাবে পরিচালনা করেন। বর্তমান বাস্তবতায় নানা ঘাতপ্রতিঘাত ও আমাদের স্বার্থপরতার কারণেই অনেক সময় আমাদের জীবনে আসে বিপদ ও ধ্বংস। শিশু ও যুব সমাজ সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ।”

অন্যদিকে মূলসুরের ওপর ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু তাঁর সহভাগিতায় বলেন, “আমরা হলাম আমাদের পরিবার, সমাজ, মণ্ডলী ও আগামীর কর্ণধার বা ভবিষ্যৎ।”

তিনি আরও বলেন, “আমাদের নিজেদের আগে সুরক্ষিত রেখে গড়ে তোলা প্রয়োজন। নানাবিধ কারণে আমাদের জীবন অরক্ষিত। নিজেকে জেনে, বুঝে ও যুগের বাস্তবতায় উপযুক্ত স্থানে নিতে হবে, তবেই অবদান রাখতে পারব।”

“তুমিই তোমার শ্রেষ্ঠ বিনিয়োগ” এই যুগোপযোগী বিষয়ের ওপর আলোকপাত করেন বনপাড়া খ্রিস্টান ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান বাবলু রেনাতুস কোড়াইয়া।

তিনি বলেন, “স্বপ্ন দেখে সেই অনুসারে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যদি প্রতিষ্ঠিত হতে চাই তবে নিজেকেই আগে গড়ে তোলা দরকার। নিজেকে বিনিয়োগ করতে শিখতে হবে।”

এরপর দলীয় আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের সুচিন্তিত মতামত ও পরিকল্পনা গ্রহণ করে। এছাড়াও অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। - ফাদার শ্যামল জেমস গমেজ

Bengali pop up image