ঢাকা মহাধর্মপ্রদেশের প্লাটিনাম জুবিলী উৎসব উদযাপন
গত ২৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা রমনা সেন্ট মেরী'স ক্যাথিড্রাল প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা মহাধর্মপ্রদেশের প্লাটিনাম জুবিলী উৎসব।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই, ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রান্ডাল এবং কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি-সহ অন্যান্য বিশপগণ।
এই প্লাটিনাম জুবিলী উৎসবের মূলসুর ছিল “ঐশ অনুগ্রহে আশীর্বাদিত, সেবায় নিবেদিত”। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত অনেক খ্রীষ্টভক্ত, ফাদার, সিস্টার ও ব্রাদারগণ অংগ্রহণ করেন।
খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই। তিনি এই ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “পঁচাত্তর বছরের এই দীর্ঘ পথচলা কেবল একটি সময়ের হিসাব নয়; এটি হলো একটি বিশ্বাস, সাধনা, আত্মত্যাগ, সেবা, ভালবাসা, উন্নয়ন, শিক্ষা, বাণী প্রচার ও খ্রিস্টের নামে সাক্ষ্যবহনের এক সমৃদ্ধ মানবিক, অর্থনৈতিক ও আধ্যাত্নিক রূপান্তরের এক যুগান্তকারী ইতিহাস।”
“এই প্লাটিনাম জুবিলী আমাদের অতীতের গৌরবময় ইতিহাস স্মরণ করায়, বর্তমানের দায়িত্ব গ্রহণ এবং ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখার এক বিশেষ আহ্বান জানায়। আজ আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করি সেই সকল অগ্রদূত ও মিশনারীদের, যারা শত প্রতিকূলতার মধ্যেও খ্রীষ্টের সুসমাচারের আলো অগণিত মানুষের হৃদয়ে হৃদয়কে আলোকিত করেছে। তাদের বিশ্বাস, সাহস, ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য শক্তি, সাহস ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে,” বলেন আর্চবিশপ ডি’ ক্রুজ।
কার্ডিনাল প্যাট্রিক ডি'রোজারিও, সিএসসি বলেন, “আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাই তাঁর অসীম করুণা ও অনুগ্রহদানের জন্য এবং একই সাথে ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ/বিশপসহ ধর্মপ্রদেশের যাজক-মণ্ডলী, কর্মরত সন্ন্যাসব্রতী-মণ্ডলী এবং ভক্তজন-মণ্ডলীর সকলকে অভিনন্দন জানাই, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ভবিষ্যতের জন্য প্রভুর আশীর্বাদ কামনা করি।”
অংশগ্রহণকারী জেরাল্ড রড্রিগৃস তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “একজন সাধারণ খ্রীষ্টভক্ত হিসেবে ঢাকা মহাধর্মপ্রদশের পঁচাত্তর বর্ষপূর্তির এই শুভক্ষণে আমি ভীষণভাবে আনন্দিত। সকল আর্চবিশপের সুদক্ষ পরিচালনায় এই মহাধর্মপ্রদেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে আমি মনে করি। এরই মধ্যে এই মহাধর্মপ্রদেশের বিভিন্ন এলাকায় নতুন নতুন ধর্মপল্লী ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং সকল ধর্মের মানুষদের সেবা করে যাচ্ছে।”
কেওয়াচালা ধর্মপল্লীর ববিতা ম্রং বলেন, “ঢাকা মহাধর্মপ্রদেশ আমার এবং আমার পরিবারের বিশ্বাসের ভিত্তি সুদৃঢ় করতে অপরিসীম ভূমিকা পালন করেছে। বিভিন্ন সেমিনার, খ্রীষ্টযাগ, আরাধনা, পবিত্র সাক্রামেন্টসমূহ ইত্যাদি অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমি ঈশ্বরের আরও কাছাকাছি আসার সুযোগ পেয়েছি তাই আজকের এই দিনে আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য যে, ১৮৮৬ খ্রিষ্টাব্দে ঢাকা ধর্মপ্রদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৫০ খ্রিষ্টাব্দে এটি ‘মহাধর্মপ্রদেশ’-এ উন্নীত হয়। মহাধর্মপ্রদেশ হিসেবে পথচলার বিগত পঁচাত্তর বছর ধরে ঈশ্বরের অশেষ আশীর্বাদ, অনুগ্রহ, আধ্যাত্মিক বিকাশ এবং বাংলাদেশের মণ্ডলী ও জনগণের প্রতি নিবেদিত সেবার কৃতজ্ঞতাস্বরূপ এই বিশেষ জয়ন্তীর আয়োজন করা হয়। - আরভিএ সংবাদ
