তুমিলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন
গত ৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত তুমিলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি অত্যন্ত সুশৃংখল ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।
এই অনুষ্ঠানের মূলসুর ছিল, “১২৫ বছরের বন্ধন, আগামী দিনের গ্রন্থন”। সকলের অংশগ্রহনে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ, বিশপ সুব্রত বনিফাস গমেজ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এ.টি.এম. কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, গাজীপুর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইলিয়াস মৃধা, ম্যানেজিং ডিরেক্টর, প্রাণ গ্রুপ ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সিস্টার মেরী তৃষিতা, এসএমআরএ।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সিস্টার মেরী তৃষিতা এসএমআরএ স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের ১২৫ বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং শিক্ষার আলোয় সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
এই অনুষ্ঠানে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ। তিনি তার উপদেশ বাণীতে বলেন, “আমাদের প্রভু যীশু খ্রীষ্ট সর্বকালের একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। তিনি যেখানে গিয়েছেন সেখানকার জনগণকে বা তার পাশের মানুষকে শিক্ষা দিয়েছে।”
“আমাদের প্রভু যীশু খ্রীষ্ট ছিলেন একজন শিক্ষক। তিনি শিক্ষা দিতেন গল্পের মধ্য দিয়ে, বিভিন্ন উপমার মধ্য দিয়ে এবং উদাহরণের মধ্য দিয়ে,” বলেন আর্চবিশপ ডি'ক্রুজ।
তিনি আরও বলেন, “শিক্ষাদান হলো একটি ভালোবাসার কাজ। এই শিক্ষাদান তখনি সার্থক হয় যখন আমরা ভালোবাসার মধ্য দিয়ে শিক্ষা দান করে থাকি।”
এই অনুষ্ঠানের মধ্যে ছিল পবিত্র খ্রিস্টযাগ, আনন্দ র্যালী, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, জয়ন্তী ফলক ও জুবিলী ম্যাগাজিন উন্মোচন, উদ্বোধনী নৃত্য, থিম সং পরিবেশনা, ডকুমেন্টারি প্রদর্শন, নাটিকা, পুতুল নৃত্য এবং প্রাক্তন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও আরও ছিল সকালের অধিবেশনে ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল থেকে পাঠ। এরপর প্রধান অতিথির প্রদীপ প্রজ্জ্বলন, শান্তির পায়রা ও গ্যাস বেলুন উড়ানো, নৃত্য, গান, নৃত্যনাট্য এবং লটারি ড্র।
এই ১২৫ বছর পূর্তি উৎসব বিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সফলভাবে সম্পন্ন হয়েছে। - প্রাঞ্জল টমাস রোজারিও