নয় ধর্মপ্রদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় প্রশিক্ষণ

আন্তঃধর্মীয় সংলাপ জোরদার এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকায় তিন দিনব্যাপী জাতীয় প্রশিক্ষণ

গত ১৫–১৭ অক্টোবর ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সিবিসিবি সেন্টারে বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর (CBCB) খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের উদ্যোগে ক্লারজি, রিলিজিয়াস ও লেইটিদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ধারণা অর্জন, আন্তঃধর্মীয় সংলাপ জোরদার এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকায় তিন দিনব্যাপী জাতীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত ফাদার ভিক্টর এডুইন, এসজে এবং ড. ওয়াহিদ উল্লাহ। তাঁরা ইসলাম ধর্মের বিভিন্ন দিক, আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সম্প্রীতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পোপের প্রতিনিধি আর্চবিশপ কেভিন এস. রান্ডাল এবং খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সভাপতি আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি। এ ছাড়া কমিশনের সেক্রেটারি ফাদার জেমস ক্রুজ, সিএসসি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সিবিসিবি সেন্টার

বাংলাদেশের নয়টি ধর্মপ্রদেশ থেকে আগত সমন্বয়কারী, ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তসহ মোট ১০০ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তঃধর্মীয় সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং নিজ নিজ ধর্মপ্রদেশ ও স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার বিষয়ে জ্ঞান অর্জন করেন।

আয়োজকদের এ উদ্যোগ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

— সজল মেলকম বালা

Bengali pop up image