এফএবিসি‘র দ্বাদশ প্লেনারি সম্মেলন: এশিয়া মণ্ডলীর কার্যক্রম নিয়ে বিশপদের পর্যালোচনা
আগামী ২০ থেকে ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ , এফএবিসির দ্বাদশ প্লেনারি সম্মেলন, ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার বিভিন্ন দেশের ১২০ জনেরও বেশি বিশপ, ভ্যাটিকানের প্রতিনিধি, ধর্মতাত্ত্বিক ও ধর্মীয় বিশেষজ্ঞগণ অংশ নেবেন।
উক্ত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য "এশিয়ান মণ্ডলীতে সিনোডাল রুপান্তর এবং পারস্পারিক সেতু বন্ধন গড়ে তোলা।” উক্ত এই সম্মেলনের উদ্বোধনী পবিত্র খ্রিস্টযাগ অপর্ণ করবেন ভারতের মুম্বাইয়ের আর্চবিশপ এমেরিটাস কার্ডিনাল ওসওয়াল্ড গ্রাসিয়াস। পরবর্তী ২২ জুলাই কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে প্রার্থনা ও ধ্যানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম পরিচালনা করবেন।
পরবর্তী দিনগুলোতে এশিয়ার পরিবর্তশীল সামাজিক বাস্তবতা, সিনোডাল নেতৃত্ব, স্থানীয় মণ্ডলীগুলোর সহযোগিতা এবং স্থানীয় মণ্ডলীর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ২৫ জুলাই অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেবেন পুন্য পিতা পোপ চতুর্দশ লিও ।
উক্ত এই সম্মেলনটি ২৬ জুলাই জাকার্তার “আওয়ার লেডি অব দ্য অ্যাসাম্পশন ক্যাথেড্রালে” সমাপনী পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে সমাপ্ত করা হবে। এরপর প্রতিনিধিরা ফ্রেন্ডশিপ টানেল হয়ে ইস্তিকলাল মসজিদ পরিদর্শন করবেন, যা ইন্দোনেশিয়ার আন্তধর্মীয় সম্প্রীতির প্রতীক।
এফএবিসির সামাজিক যোগাযোগ দপ্তরের নির্বাহী সম্পাদক ফাদার জন মি শেন বলেন, “এই সম্মেলন এশিয়ার মণ্ডলীগুলোর জন্য একে অপরের কথা শোনা, যৌথভাবে বিচক্ষণতার সঙ্গে ভবিষ্যৎ পথ নির্ধারণ এবং অভিন্ন কার্যক্রমের অঙ্গীকার নবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”
অন্যদিকে, পাকিস্তান ক্যাথলিক বিশপ সম্মেলনের সভাপতি বিশপ স্যামসন শুকারদিন আশা প্রকাশ করেন, “এই সম্মেলন এশিয়ার জন্য বাস্তবভিত্তিক একটি পালকীয় রূপরেখা প্রণয়নে সহায়ক হবে এবং মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও যুব নেতৃত্বের বিকাশে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করবে।”
- আরভিএ সংবাদ