সমন্বিত পথচলার নবায়ন শুরু হয় খ্রিস্টের চোখে অন্যকে দেখার মাধ্যমে - কার্ডিনাল লুইস আন্তোনিও জি. তাগলে
জাকার্তা | ২৪ জুলাই — FABC-এর ১২তম অধিবেশন সভা উপলক্ষে ২২ জুলাই অনুষ্ঠিত দিনব্যাপী আত্মিক নির্জন ধ্যানে (Retreat) কার্ডিনাল লুইস আন্তোনিও জি. তাগলে বলেন, সমন্বিত পথচলার (Synodal) নবায়ন মণ্ডলীর কাঠামো বা পালকীয় কর্মসূচি পরিবর্তনের মাধ্যমে নয়; বরং মণ্ডলীর নেতারা অন্য মানুষকে কীভাবে দেখেন, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে শুরু হয়।
"তোমরা আরও মহৎ বিষয় দেখতে পাবে... পালকীয় নেতাদের সমন্বিত নবায়নের আহ্বান" শীর্ষক তাঁর দ্বিতীয় আলোচনায় কার্ডিনাল তাগলে বলেন, যদি পালকীয় নেতারা মানুষকে পূর্বধারণা, গৎবাঁধা ধারণা কিংবা কেবল মানবিক বিচারের আলোকে দেখেন, তাহলে সমন্বিত পথচলা কখনোই প্রকৃত ফল বয়ে আনতে পারবে না।
"প্রকৃত সমন্বিত নবায়ন শুরু হয় যখন আমরা অন্য মানুষকে যিশুর চোখে দেখতে শিখি।"
তিনি যোহনের সুসমাচারে বর্ণিত নথানিয়েলের সঙ্গে যিশুর সাক্ষাতের ঘটনাটি তুলে ধরেন। নথানিয়েল যখন শুনলেন যে মসিহ নাজারেত থেকে এসেছেন, তখন তিনি প্রশ্ন করেছিলেন, "নাজারেত থেকে কি ভালো কিছু আসতে পারে?"
কার্ডিনাল তাগলে বলেন, এই ঘটনা দেখায় যে মানুষের সাংস্কৃতিক ধারণা ও ব্যক্তিগত অভিজ্ঞতা প্রায়ই অন্যদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি গঠন করে।
তিনি বলেন,
"নথানিয়েলের কাছে কে বড় আর কে ছোট—সেই বিষয়ে নিজস্ব মানদণ্ড ছিল। তিনি মনে করতেন তাঁর নিজের শহর নাজারেতের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু যিশু তাঁর মধ্যে এমন মহত্ত্ব দেখেছিলেন, যা তিনি নিজেই দেখতে পারেননি।"
কার্ডিনাল তাগলে উল্লেখ করেন, যিশু নথানিয়েলের পূর্বধারণার জন্য তাঁকে তিরস্কার করেননি। বরং তাঁর অন্তরের সততা ও কল্যাণকে স্বীকৃতি দিয়ে বলেছিলেন,
"দেখ, তিনি একজন প্রকৃত ইস্রায়েলীয়; তাঁর মধ্যে কোনো ছলনা নেই।"
কার্ডিনালের ভাষায়, এই ঘটনাই প্রমাণ করে যে খ্রিস্ট মানুষের সীমাবদ্ধতার পরিবর্তে তাঁর প্রকৃত পরিচয় ও ঈশ্বরপ্রদত্ত সম্ভাবনাকে দেখেন।
"যেখানে আমরা সাধারণ বা সমস্যাই দেখি, সেখানে যিশু মহত্ত্ব দেখতে পান। তিনি আমাদের সেই মহত্ত্ব আবিষ্কার করতে সাহায্য করেন, যা আমরা নিজেরাও আগে বুঝতে পারিনি।"
তিনি বলেন, পালকীয় নেতাদের উচিত "যিশুর চোখ" অর্জন করা—অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের আহ্বান ও কল্যাণের বীজকে চিনতে শেখা। এই পরিবর্তন ছাড়া মণ্ডলীর নেতৃত্ব উপরিভাগে সীমাবদ্ধ থেকে যাবে এবং অনেককে বাদ দিয়ে চলবে।
কার্ডিনাল তাগলে নিজের জীবনের একটি অভিজ্ঞতাও ভাগ করে নেন। তিনি বলেন, কখনো কখনো আয়নায় নিজেকে দেখে তাঁর মনে হয়েছে,
"আমি যদি যিশু হতাম, তাহলে এই মানুষটিকে কখনোই কার্ডিনাল হিসেবে বেছে নিতাম না।"
তিনি স্মরণ করেন, যাজকীয় অভিষেকের আগেও তাঁর মনে একই ধরনের সংশয় ছিল। কিন্তু শেষে তিনি নিজের বিচারের পরিবর্তে ঈশ্বরের দৃষ্টির ওপর আস্থা রাখতে শিখেছিলেন।
তিনি তাঁর প্রার্থনার কথা স্মরণ করে বলেন,
"আপনিই আমাকে আহ্বান করেছেন। আপনি আমার মধ্যে এমন কিছু দেখেছেন, যা হয়তো আমি নিজেই দেখতে পাই না। তাই আমি আপনার দৃষ্টির ওপরই বিশ্বাস রাখি।"
কার্ডিনাল তাগলে বলেন, সমাজে এবং এমনকি মণ্ডলীর মধ্যেও অনেক মানুষ তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেন না, কারণ তাদের পারিবারিক পটভূমি, সংস্কৃতি বা সামাজিক অবস্থানের ভিত্তিতে বিচার করা হয়; তাদের বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয় না।
"সম্ভবত এমন অনেক মানুষ আছেন, যারা কখনোই বিকশিত হতে পারেননি, কারণ আমরা তাদের মধ্যে কোনো ভালো বা মহৎ কিছু দেখতে শিখিনি।"
আলোচনার শেষে তিনি অংশগ্রহণকারীদের আহ্বান জানান নিজেদের আত্মপর্যালোচনা করতে—তাদের পালকীয় নেতৃত্ব কি সাংস্কৃতিক ধারণা, অভ্যাস বা পূর্বধারণার দ্বারা প্রভাবিত হচ্ছে?
তিনি বলেন, সমন্বিত পথচলার নবায়ন শুরু হয় তখনই, যখন সুসমাচার আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আমরা অন্য মানুষকে খ্রিস্টের চোখে দেখতে শিখি।
