কলকাতায় সাধ্বী তেরেসা যুবা দলের উদ্যোগে ১৩তম আন্তঃধর্মপল্লীর ক্রিকেট চ্যাম্পিয়নশিপ IPCC’26
গত ৭ ও ৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে কলকাতার মৌলালিতে অবস্থিত সাধ্বী তেরেসা গির্জার প্যারিশ হলে সেন্ট তেরেসা যুবগোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হল ১৩তম আন্তঃধর্মপল্লীর ক্রিকেট চ্যাম্পিয়নশিপ।
দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় কলকাতা মহাধর্মপল্লীর বিভিন্ন ধর্মপল্লীর যুবকরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। খেলার মাঠে প্রতিটি দলের মধ্যে দেখা যায় প্রবল প্রতিযোগিতামূলক মনোভাব, দলগত সংহতি এবং ক্রীড়াসুলভ মানসিকতা। তবে এই প্রতিযোগিতা শুধুমাত্র ক্রিকেট খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং বিভিন্ন ধর্মপল্লীর যুবকদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সম্পর্ক ও ঐক্য গড়ে তোলার এক সুন্দর মঞ্চ হয়ে উঠেছিল।
প্রতিযোগিতার মাধ্যমে তরুণ খেলোয়াড়রা নিজেদের ক্রিকেট প্রতিভা তুলে ধরার পাশাপাশি শৃঙ্খলা, সহযোগিতা, দলগত প্রচেষ্টা এবং সৌহার্দ্যের মূল্যবোধকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলালির সাধ্বী তেরেসা গির্জার পালপুরোহিত ফাদার বাসিল মান্ডি এবং ধর্মপল্লীর পালকীয় পরিষদের (PPC) ভাইস প্রেসিডেন্ট শ্রীজন শোভন গোমেস। তাঁরা বিজয়ী দল ও ব্যক্তিগত বিভাগে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং সকল অংশগ্রহণকারীকে তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও ক্রীড়াসুলভ মানসিকতার জন্য অভিনন্দন জানান।
প্রতিযোগিতার ফলাফল ও বিশেষ পুরস্কার:
- বিজয়ী: চার্চ অফ আওয়ার লেডি অফ ভেলাঙ্কানি, পিকনিক গার্ডেন
- প্রথম রানার্স-আপ: ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি, বড়বাজার
- দ্বিতীয় রানার্স-আপ: ফাতিমা শ্রাইন, সিআইটি রোড
- ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি, বড়বাজার
- ম্যান অফ দ্য টুর্নামেন্ট: মি. অমিত এক্কা – ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি, বড়বাজার
- সর্বোচ্চ রান সংগ্রাহক: মি. অ্যান্টনি থমাস – চার্চ অফ আওয়ার লেডি অফ ভেলাঙ্কানি, পিকনিক গার্ডেন
- ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: মি. জেরোম রোজারিও – এন্টালি ব্যাপটিস্ট চার্চ, এন্টালি
- সর্বোচ্চ উইকেট সংগ্রাহক: মি. রনি ওস্তা – এন্টালি ব্যাপটিস্ট চার্চ, এন্টালি
এছাড়াও, প্রতিযোগিতার দু’দিন ধরে আম্পায়ার হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য শ্রীকার্ট মার্টিন এবং শ্রীলরেন্স রোজারিওকে তাঁদের মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে সম্মানিত করা হয়।
আনন্দ, বন্ধুত্ব, সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির আবহে ১৩তম IPCC’26-এর পরিসমাপ্তি ঘটে। এই প্রতিযোগিতাকে সফল করে তোলার জন্য সাধ্বী তেরেসা যুবগোষ্ঠীর পক্ষ থেকে সকল বিজয়ী, পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় এবং অংশগ্রহণকারী দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। পাশাপাশি আয়োজক ও সহযোগী প্রত্যেকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ক্রিকেটের সীমানা ছাড়িয়ে IPCC’26 হয়ে উঠেছিল বিভিন্ন ধর্মপল্লীর যুবসমাজকে একসূত্রে বাঁধার এক সুন্দর উদ্যোগ। খেলাধুলার মধ্য দিয়ে বন্ধুত্ব, ঐক্য ও ভ্রাতৃত্বের যে বার্তা এই প্রতিযোগিতা বহন করেছে, তা আগামী দিনেও যুবসমাজকে একসঙ্গে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবে।
প্রতিবেদন- ডমিনিক পাঁজা
অনুবাদ - তেরেসা রোজারিও
