ঢাকার সিবিসিবি সেন্টারে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ওয়াইড ম্যারেজ এনকাউন্টারের ৮ম কনভেনশন
গত ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকার সিবিসিবি সেন্টারে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ওয়াইড ম্যারেজ এনকাউন্টারের বাংলাদেশের ৮ম কনভেনশন।
“আমাদের মিলনের জন্য আহ্বান করা হয়েছে” এই মূলসুর নিয়ে অর্ধদিনব্যাপী বাংলাদেশের জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়। এতে প্রায় দেড় শতাধিক সদস্যরা অংশগ্রহণ করেন।
এ কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন.ডি’ ক্রুজ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ম্যারেজ এনকাউন্টারের আধ্যাত্মিক উপদেষ্টা ও সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ওয়ার্ল্ড ওয়াইড ম্যারেজ এনকাউন্টার বাংলাদেশের একলেজিয়াল দম্পত্তি মার্কাস ও ফ্লোরেন্স গমেজ এবং এনকাউন্টারের অন্যান্য দম্পত্তি ও সদস্যবৃন্দ।
আর্চবিশপ বিজয় এন.ডি ক্রুজ ‘দম্পত্তি ও পরিবারের সম্পৃক্ততা’ নিয়ে আলোচনা করেন। তিনি পরিবারের মধ্যে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব, ট্রান্সপারেন্সি, আধ্যাত্মিকতা, আন্তরিকতা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
পরে, “আমাদের মিলনের জন্য আহ্বান করা হয়েছে” এই মূলসুরের উপর বিস্তারিত আলোচনা করেন একলেজিয়াল দম্পত্তি। বর্তমান প্রজন্মের মধ্যে বিবাহে অনীহার কারণ এবং সমাধানে (ম্যারেজ এনকাউন্টার দম্পত্তি) দম্পত্তিদের ভূমিকা সম্পর্কে বিশদ আলোচনা করেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।
পরিশেষে কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ৮ম কনভেনশনের সমাপ্তি ঘোষণা করা হয়। - ডিসিনিউজ
