কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাঁও : সংলাপের মাধ্যমে এশিয়ার চ্যালেঞ্জসমূহ জয় করা সম্ভব
গত ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, জাকার্তায় এফএবিসি-এর ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী সংবাদ সম্মেলনে এফএবিসি (FABC)-এর সভাপতি ও গোয়া-দামানের মহাধর্মপ্রদেশের আর্চবিশপ কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাঁও তার বক্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেন, ইতিহাসজুড়ে দেখা যায় যে , মণ্ডলী সব সময় প্রতিকূল পরিস্থিতিতেই তার কার্যক্রম পালন করে যাচ্ছে। তাই ভয় বা বিচ্ছিন্নতার পরিবর্তে সম্পর্ক গড়ে তোলা, সংলাপকে আরো জোরালো করা এবং পারস্পারিক পুনর্মিলন প্রতিষ্ঠা করাই মণ্ডলীর প্রধান দায়িত্ব।
কার্ডিনাল ফেরাঁও বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক, ভাষাগত ও জাতিগত বৈচিত্র্যে সমৃদ্ধ এশিয়ায় মণ্ডলীকে সকলের সঙ্গে—এমনকি যারা সন্দেহের দৃষ্টিতে দেখে, তাদের সঙ্গেও—বোঝাপড়া ও সৌহার্দ্যের সেতুবন্ধন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, "আমরা একটি বহির্মুখী মণ্ডলী হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আমাদের প্রত্যেকের সঙ্গে বোঝাপড়ার সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলতে হবে।"
উল্লেখ্য ২০ থেকে ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ , অনুষ্ঠিত এই অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় "সিনোডাল পরিবর্তনের আহ্বান এবং এশিয়ায় সেতু ও সেতুবন্ধন নির্মাতার মিশন"। এতে এশিয়ার এফএবিসি‘র হয়ে ২২ জন বিশেষ প্রতিনিধিত্ব করবেন। এছাড়া ১২০ জনেরও বেশি কার্ডিনাল ও বিশপ এই অধিবেশনে অংশ নিচ্ছেন।
কার্ডিনাল ফেরাঁও জোর দিয়ে বলেন, এশিয়ায় মণ্ডলীর বিশ্বাসযোগ্যতা কঠিন পরিস্থিতি থেকে সরে যাওয়ার মধ্যে নয়; বরং মানুষের পাশে থেকে আশা, সংলাপ ও ঐক্যের সেতুবন্ধন গড়ে তোলার মধ্যেই নিহিত।– আরভিএ সংবাদ।
