রাজশাহী খরখরিতে সিস্টারস্ অফ আওয়ার লেডি অফ্ দ্যা মিশনস্ সিস্টারদের নতুন ভবন আশীর্বাদ ও উদ্বোধন
গত ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের খরখরিতে সিস্টারস্ অফ আওয়ার লেডি অফ্ দ্যা মিশনস্ (আরএনডিএম) সিস্টারদের জন্য নতুন একটি ভবন আশীর্বাদ ও উদ্বোধন করা হয়।
এই আশীর্বাদ ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, নয়জন যাজক, সিস্টার পূরবী পাস্কালিনা চিরান, আরএনডিএম, প্রদেশ পরিচালিকা এবং অন্যান্য সম্প্রদায়ের অনেক সিস্টারগণ।
অনুষ্ঠানের শুরুতে বিশপ জের্ভাস রোজারিও নবনির্মিত ভবনটি আশীর্বাদ করেন। এরপর পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ রোজারিও। তিনি তার উপদেশ বাণীতে বলেন, “রাজশাহী শহরের কাছাকাছি আরএনডিএম সিস্টারদের এই জমি কেনা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ। ভবিষ্যতে এখানে যে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে, তা সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য শিক্ষাসেবা প্রদান করবে।”
সিস্টার পূরবী পাস্কালিনা চিরান, আরএনডিএম, প্রদেশ পরিচালিকা বলেন, “ ঈশ্বরের অসীম কৃপা ও আর্শিবাদের মধ্য দিয়ে আমাদের আরএনডিএম সিস্টারগণ মন্ডলীতে সেবা কাজ পরিচালনা করে যাচ্ছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই মুহুর্তে স্মরণ করি সেই মহিয়সী নারী আরএনডিএম সম্প্রদায়ের প্রতিষ্ঠাত্রী মাদার ইউফ্রেজী বারবিয়েকে যিনি ঈশ্বরের কাছ থেকে একক, অভিন্ন-আত্মিক প্রেরণা লাভ করে প্রতিষ্ঠা করেছিলেন সিস্টারস্ অফ আওয়ার লেডি অফ দ্যা মিশনস (আরএনডিএম) ধর্ম সংঘটি।”
তিনি আরও বলেন, “মাদার ঈশ্বরের বিশেষ ঐশ্বদানে উদ্বুদ্ধ হয়ে জীবনের অনেক ঘাত-প্রতিঘাত-প্রলোভন-ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন সহ্য করে, সৃষ্টিকর্তার প্রতি তাঁর ভালোবাসা ও বিশ্বাসের দৃঢ়তায় আরও বলীয়ান হয়েছিলেন। এরই ফলশ্রুতিতে ২৫ ডিসেম্বর ১৮৬১ খ্রিষ্টাব্দে আওয়ার লেডী অফ দ্যা মিশনস (আরএনডিএম) ধর্ম সংঘটি প্রতিষ্ঠা লাভ করেন।”
“ক্রমান্বয়ে তিনি ও তাঁর উত্তরসুরী ভগ্নীগণ পৃথিবীর সর্বত্র ও সর্বস্তরের মানুষের কাছে ঐশ্ববাণী প্রচার, প্রসার ও সেবাকর্ম সাধনে প্রয়াসী হন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে আরএনডিএম সিস্টারগণ বিশ্ব জুড়ে মানবসেবার কাজে নিজেদের নিয়োজিত রেখে এই মহান প্রেরণকর্মটি চালিয়ে যাচ্ছেন,” বলেন সিস্টার চিরান।
তিনি আরও বলেন, “আজ আমরা অত্যন্ত আনন্দিত ও গভীর কৃতজ্ঞতা ভরা অন্তরে ঈশ্বরের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তার সমস্ত কৃপা আর্শিবাদ ও দয়ার জন্য। শত প্রতিকূলতার মাঝেও তিনি আমাদেরকে রক্ষা, সাহস, অনুপ্রেরণা ও নিঃস্বার্থ সেবার চেতনা জাগ্রত করেছেন এবং পথ প্রদর্শক হয়ে আমাদের পরিচালনা দান করছেন আজকের এই মহতি দিনে উপনিত হওয়ার জন্য।”
“আজকের এই পবিত্র মুহূতটি কেবল একটি গৃহের উদ্বোধন নয়, বরং বিশ্বাস, আত্মত্যাগ ও সেবার মনোভাব থেকে জন্ম নেওয়া এক মহান স্বপ্নের বাস্তবায়ন। এই জমিটি ২৩ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দে সিস্টারস্ অফ আওয়ার লেডি অফ দ্যা মিশনস (আরএনডিএম) ধর্ম সংঘের নামে ক্রয় ও রেজিস্ট্রি করা হয়। - আরভিএ সংবাদ