এফএবিসি‘র প্লেনারি সম্নেলনে পোপের প্রতিনিধিত্ব করবেন ভারতীয় কার্ডিনাল গ্রাসিয়াস
আগামী ২০ থেকে ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ইন্দোনেশিয়ার জাকার্তায় প্লেনারি সম্নেলনে,পোপ লিও চতুর্দশ ভারতের মুম্বাইয়ের অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিনাল ওসওয়াল্ড গ্রাসিয়াসকে ফেডারেশন অব এশিয়ান বিশপস’ কনফারেন্সের (এফএবিসি) দ্বাদশ প্লেনারি সম্নেলনে তাঁর বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।
কার্ডিনাল গ্রাসিয়াসের উদ্দেশে পাঠানো এক বার্তায় পোপ এশিয়ার মণ্ডলীর প্রতি বিশেষ আশা প্রকাশ করেন এবং খ্রিস্টীয় বিশ্বাসের সাক্ষ্য বহন ও মানবমর্যাদা প্রতিষ্ঠায় এশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
পোপ লিও চতুর্দশ বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতা থেকে খ্রিস্টমণ্ডলী যেন বিচ্ছিন্ন না থাকে। তিনি বিশপ ও বিশ্বাসীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, প্রার্থনা, প্রজ্ঞা ও অধ্যবসায়ের মাধ্যমে মানবজাতির নানা সংকটের সমাধান দিতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, মণ্ডলীর সব কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে ঈশ্বর এবং সব সিদ্ধান্তের মধ্যে মানুষকে স্থান দিতে হবে। বিশেষ করে দরিদ্র, অসুস্থ, অভিবাসী, শিশু ও সমাজের প্রান্তিক মানুষের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
গীতসংহিতা ৮৫:১১ উদ্ধৃত করে পোপ এমন এক সমাজ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে প্রেম ও সত্য, ন্যায় ও শান্তি একে অপরের সঙ্গে মিলিত হয়। তিনি বলেন, মণ্ডলীতে বিভাজনের নয়, বরং ঐক্য ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলতে হবে।
উল্লেখ্য ,ভারতের মুম্বাইয়ের আর্চবিশপ হিসেবে ২০০৬ থেকে ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালনকারী কার্ডিনাল গ্রাসিয়াস ভারতীয় ও এশীয় মণ্ডলীর মধ্যে অন্যতম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। পোপের বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি প্লেনারি সম্নেলনের উপাসনা ভিত্তিক সকল কার্যে সভাপতিত্ব করবেন এবং অংশগ্রহণকারী বিশপ, যাজক, ধর্মীয় জীবন উৎসর্গকারী ব্যক্তি ও সাধারণ বিশ্বাসীদের প্রতি পোপের শুভেচ্ছা ও নৈকট্যের বার্তা পৌঁছে দেবেন।– আরভিএ সংবাদ।
