বনানী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হলো বেদীসেবক ও শুভ্র পোশাক লাভ অনুষ্ঠান
গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টব্দ, বাংলাদেশের যাজকীয় গঠন লাভের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান পবিত্র আত্মা উচ্চ সেমিনারী বনানীতে অনুষ্ঠিত হলো বেদীসেবক ও শুভ্র পোশাক লাভ অনুষ্ঠান।
পবিত্র আত্মার উচ্চ সেমিনারী বনানীতে ঐশতত্ত্ব ১ম বর্ষে অধ্যয়নরত ১৩ জন সেমিনারীয়ান বেদীসেবকের সেবাদায়িত্ব ও শুভ্র পোশাক লাভ করে।
যারা বেদীসেবকের সেবাদায়িত্ব ও শুভ্র পোশাক লাভ করেছে তারা হলেন; আলবেন ইন্দোয়ার(শ্রীমঙ্গল), বিনিময় নানোয়ার(শ্রীমঙ্গল), চিরোনজিৎ দফাদার (ভবরপাড়া, দীপ ইউজিন রোজারিও(নাগরী), দিব্য গমেজ (রাঙামাটিয়া), ফিলিমন বাস্কে (কৃষ্ণবল্লভ), লর্ড সিমসাং(জলছত্র), মিল্টন গমেজ (রানীখং), অনিক ম্রং(নলুয়াকুড়ি), পার্থ হাগিদক (শ্রীমঙ্গল), রিকি রোজারিও(পাগার), রনেশ জেত্রা (রাজাই)ও রনি রংদী (নারিকেলবাড়ী)।
এই আনন্দঘন দিনে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ এবং তার সাথে আরও উপস্থিত ছিলেন প্রায় পঁচিশ জন যাজক, সিষ্টার এবং খ্রিস্টভক্তগণ ।
পবিত্র খ্রিস্টযাগে বিশপ তাঁর উপদেশ বাণীতে বলেন, “বেদীসেবক পদ যারা লাভ করে তারা বিশেষ দায়িত্ব প্রাপ্ত হয় এবং খ্রিস্টের সাথে ঘনিষ্ট সম্পর্ক হয়।”
“বেদীসেবকের সেবাদায়িত্ব ও শুভ্র পোশাকের তাৎপর্য ও গুরুত্ব সহভাগিতা করেন। সেই সাথে প্রার্থীদের এই সেবাদায়িত্ব সচেতনতা ও বিশ্বস্থতার সাথে পালন করার আহ্বান জানান,” বিশপ গমেজ।
উল্লেখ্য, আগের দিন বিকালে প্রার্থীদের মঙ্গলকামনায় পবিত্র ঘন্টা ও মঙ্গলানুষ্ঠান করা হয় । তাছাড়াও তাঁদের শুভ্র পোশাক প্রদান করা হয়।
বেদী সেবকের সেবাদায়িত্ব লাভ করার মধ্য দিয়ে একজন সেমিনারীয়ান মণ্ডলী কর্তৃক স্বীকৃত বেদীসেবক হয়ে উঠেন। একজন বেদী সেবক পবিত্র খ্রিস্টযাগের সময় পুণ্য বেদীতে যাজককে সাহায্য করতে পারে।
এছাড়াও খ্রিস্টপ্রসাদ বিতরণে পুরোহিতকে সাহায্য করতে পারে এবং অসুস্থদের জন্য পবিত্র খ্রিস্টপ্রসাদ নিয়ে যেতে পারেন এবং তাদেরকে খ্রিস্টপ্রসাদ প্রদান করতে পারে।
খ্রিস্টযাগের পরে বেদীসেবক ও শুভ্র পোশাক লাভকারী ভাইদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
পরিশেষে সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজ, উপস্থিত ফাদার, ব্রাদার, সিস্টার এবং বেদীসেবক ও শুভ্র পোশাক লাভকারী ভাইদের অভিভাবক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। - রুবিনয় আন্দ্রিয় হাদিমা