বনানী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হলো ডিকন অভিষেক অনুষ্ঠান
গত ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশের যাজকীয় গঠন লাভের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান পবিত্র আত্মা উচ্চ সেমিনারী বনানীতে অনুষ্ঠিত হলো ৯জনের ডিকন অভিষেক অনুষ্ঠান।
খ্রিষ্টীয় জীবনে ডিকন পদ একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী পরিচর্যা; তাই এ অভিষেক অনুষ্ঠান সেমিনারী পরিবার, যাজক সমাজ এবং সমগ্র খ্রিষ্টবিশ্বাসীদের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, ডিকন অভিষেক অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় প্রার্থীদের জন্য বিশেষ প্রার্থনা, পবিত্র আরাধনা ও মঙ্গলানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবঅভিষিক্তদের ভবিষ্যৎ সেবাজীবনের জন্য বিশেষ আশীর্বাদ কামনা করা হয়।
যারা ডিকন পদে অভিষিক্ত হয়েছেন তারা হলেন আলবার্ট টুডু, অঞ্জন সিকদার, সালমান রাবন, ফ্রান্সিস ত্রিপুরা, খোকন নায়েক, শিমন গাড্ডী, রনি গোমেজ, মিঠুন গোমেজ এবং হৃদয় পিউরিফিকেশন।
এই অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ সুব্রত হাওলাদার, সিএসসি, সহ প্রায় ৩০জন যাজক, বিভিন্ন ধর্মীয় সংঘের সিস্টারগণ, অভিষিক্ত ডিকনদের মা-বাবা, আত্মীয়স্বজন এবং অনেক খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।
খ্রিষ্টযাগের উপদেশ বাণীতে আর্চবিশপ হাওলাদার নবঅভিষিক্ত ডিকনদের উদ্দেশে বলেন, “তোমরা আজ একটি নতুন পরিচয় ও নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছ। এই পরিচয় কেবল সম্মানের নয়, বরং আত্মনিবেদন, বিনয় ও সেবার আহ্বান।”
“তিনি ডিকনদের তিনটি প্রধান দায়িত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন “বাণীর সেবক হওয়া” ডিকনদের প্রথম আহ্বান হলো ঈশ্বরের বাণী গভীর মনোযোগ দিয়ে শোনা এবং সেই বাণী মানুষের জীবনে পৌঁছে দেওয়া। তিনি বলেন, প্রভুর বাণী কেবল প্রচার করাই নয়, বরং নিজের জীবনেও তা ধারণ করতে হবে।”
তিনি আরো স্মরণ করিয়ে দিয়ে বলেন, “যিশুখ্রিষ্ট তাঁর অন্তিম ভোজে বিনয়ের মাধ্যমে সেবার আদর্শ স্থাপন করেছিলেন। ডিকনদেরও সেই একই চেতনায় মানুষের পাশে দাঁড়াতে হবে, বিশেষ করে দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।”
“যাজকীয় সেবাকর্মে সহায়তা করা” এই বিশষে বলতে গিয়ে তিনি আরও বলেন, “ডিকনরা বিশপ ও যাজকদের সহযোগী হিসেবে মণ্ডলীর বিভিন্ন সাক্রামেন্টীয় ও ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের জীবন হতে হবে বিশ্বস্ততা, আনুগত্য ও আত্মত্যাগের এক উজ্জ্বল সাক্ষ্য,” বলেন আর্চবিশপ।
তিনি নবঅভিষিক্তদের প্রতি আহ্বান জানান যেন তারা নিষ্ঠা, পবিত্রতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের সেবাকর্ম পালন করেন এবং খ্রিষ্টের প্রেম মানুষের মাঝে ছড়িয়ে দেন।
একজন নবঅভিষিক্ত ডিকন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “যাজক হবার পূর্ব ধাপ হলো পরিসেবক পদ। আর আজ প্রভুর পূণ্যবেদীতে সেই পরিসেবক পদে আমি অভিষিক্ত হতে পেরেছি তার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা ভরা অন্তরে ধন্যবাদ জানাই।”
“আজকের এই বিশেষ দিনে প্রভু যিশুর কাছে বিশেষ কৃপা যাচনা করি যেন পরিসেবকের সেবা কাজ করতে করতে একদিন যেন প্রভুর যাজক হয়ে তার ভক্ত মণ্ডলীকে সেবা করতে পারি,” বলেন ডিকন।
অনুষ্ঠানের শেষ সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজ, বিশপ ইলেক্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। - রুবিনয় আন্দ্রিয় হাদিমা